নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন নৌকার প্রার্থী

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মুখতার আহমেদ মৃধা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। গতকাল শুক্রবার সকালে শৈলকুপা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকার অভিযোগ তুলে নিজের অসহায়ত্ব প্রকাশ করেন তিনি।
মুক্তিযোদ্ধা মুখতার মৃধা পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে হামলার অভিযোগ করেন। তিনি বলেন, প্রতিপক্ষ আনারস প্রতীকের প্রার্থী হেলাল উদ্দিনের সমর্থকেরা তাঁর লোকজনকে প্রতিনিয়ত মারধর করছেন। তাঁর নির্বাচনী মাইক ভাঙচুর ও পোস্টার ছেঁড়া হয়েছে। প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। কারণ, প্রশাসনের এক কর্মকর্তার সঙ্গে প্রার্থী হেলালের সখ্য রয়েছে। তিনি নিজেকে নিরাপত্তাহীন মনে করছেন। তাই নির্বাচনের মাঠ থেকে সরে যেতে বাধ্য হলেন।
আওয়ামী লীগের প্রবীণ এই নেতার আরও অভিযোগ, দলীয় প্রার্থী হলেও জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সহযোগিতা তিনি পাননি।
তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন ওরফে সোনা সিকদার বলেন, দলীয় নেতারা তাঁর (মুখতার মৃধা) পক্ষে নেই, কথাটি ঠিক নয়। তিনি আসলে কারও সহযোগিতা চাননি বলেই নেতারা যাননি।