নির্বাচন বাতিলের দাবি বিএনপির মেয়র প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিয়মের অভিযোগ এনে লক্ষ্মীপুর পৌরসভার নির্বাচন বাতিলের দাবি করেছেন বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী রেজাউল করিম ওরফে লিটন। গতকাল বুধবার দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বাসভবনে সম্মেলন করে তিনি এ দাবি জানান। তবে গতকাল সকালে পৌরসভার বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
রেজাউল করিম অভিযোগ করেন, ২৮টি ভোটকেন্দ্র থেকে তাঁর এজেন্টদের মারধর করে বের করে দেয় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর লোকজন। ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে প্রকাশ্যে সিল মারারও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, নির্বাচনের নামে নাটক করা হয়েছে।
সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ব্যাপারী, সাংগঠনিক সম্পাদক হাছিবুর রহমান প্রমুখ।
তবে অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আবু তাহের বলেন, বিএনপির মেয়র প্রার্থী নির্বাচনে পরাজয় জেনে এ ধরনের মিথ্যাচার করছেন। নির্বাচন ছিল অবাধ ও শান্তিপূর্ণ। ভোটাররা শান্তিপূর্ণভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে ৬ জনকে ১৫ দিন থেকে ৬ মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়েছে। এ ছাড়া ৫০ জনের কাছ থেকে ৩ লাখ ৪২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।