নির্বাচন বানচালকারীদের মুখে 'গণতন্ত্র' শোভা পায় না: ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যাঁরা নির্বাচন ও সাংবিধানিক প্রক্রিয়া বানচাল করে সশস্ত্র আক্রমণ পরিচালনা করে, তাঁদের মুখে নির্বাচন ও গণতন্ত্রের কথা শোভা পায় না।
আজ শনিবার কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা পরিষদ মিলনায়তনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন তথ্যমন্ত্রী। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নির্বাচন–সংক্রান্ত একটি বক্তব্যের জবাবে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। খবর বাসসের।
গতকাল শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল দাবি করেন, আওয়ামী লীগের অধীনে নির্বাচন নিয়ে বিএনপি যে কারচুপির অভিযোগ করেছিল, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের কথায় তা সত্য বলে প্রমাণিত হয়েছে।
এদিকে যুদ্ধাপারাধীদের ফাঁসির রায় কার্যকর না করার জন্য বিদেশিদের অনুরোধ প্রসঙ্গে হাসানুল হক ইনু বলেন, ‘বিদেশিরা যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য অনুরোধ করতে থাকবে আর আমরা বিচার করতে থাকব এবং ফাঁসির রায় কার্যকর করতে থাকব।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ঢাল–তলোয়ার নিয়ে আন্দোলনের জন্য জনগণকে প্রস্তুত থাকার যে আহ্বান জানিয়েছেন, সে প্রসঙ্গে ইনু বলেন, ‘খালেদা জিয়া নির্বাচন না করে রাজনীতির বাইরে চলে গেছেন। উত্তেজিত খালেদা জিয়ার ঢাল–তলোয়ার নিয়ে আন্দোলনে নামার আহ্বানে বাংলাদেশের জনগণ সাড়া দেবেন না। তাঁরা মাঠে নামবেন না।’
ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তি মনি চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার, জেলা জাসদের সাধারণ সম্পাদক আবদুল আলিম স্বপন প্রমুখ।