নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বিএনপি

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বলেছে, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ নয়, নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে। যে কারণে তারা রংপুর সিটি করপোরেশনের মতো একটি ভালো নির্বাচনকে অস্বীকার করছে। আসলে নির্বাচন ও নির্বাচন কমিশনের ওপর জনগণের আস্থা সরিয়ে দিতেই তাদের এই প্রচেষ্টা।
আজ মঙ্গলবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত পলিট ব্যুরোর সভায় এ কথা বলা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ধ্বংস করাই বিএনপির লক্ষ্য মন্তব্য করে সভায় বলা হয়, দুর্নীতি সম্পর্কে তাদের (বিএনপি) বিরুদ্ধে যে অভিযোগ আছে সেগুলোও তারা বিভিন্নভাবে অস্বীকার করছে। এর মধ্য দিয়ে দেশের স্থিতিশীলতা ধ্বংস করাই তাদের লক্ষ্য।
সভায় চালের দামের ঊর্ধ্বগতি ঠেকাতে সরকারিভাবে চাল আমদানি করে খোলা বাজারে বিক্রির আহ্বান জানানো হয়। এ ছাড়া সাম্প্রতিক সময়ে খুন, ধর্ষণ, গুম-অপহরণ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়।
দলের সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে সভায় অংশ নেন পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, পলিটব্যুরোর সদস্য বিমল বিশ্বাস, আনিসুর রহমান মল্লিক, নুরুল হাসান, মাহমুদুল হাসান মানিক, নুর আহমদ বকুল ও কামরুল আহসান।