নির্বাচন ভয় পাই না: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বেগম জিয়া মনে রাখবেন নির্বাচনে আমরা ভয় পাই না। নির্বাচন আমরা করেছি, বারবার নির্বাচন করেছি। আপনি নির্বাচনে আসলেন না কেন?’
রাজধানীর বংশালের সুরিটোলা হাইস্কুল মাঠে গতকাল বৃহস্পতিবার সন্ত্রাস-নাশকতার বিরুদ্ধে গণতন্ত্রী পার্টি আয়োজিত সমাবেশে নাসিম এসব কথা বলেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, ‘২০১৯ সালের নির্বাচনের জন্য প্রস্তুত হোন। খেলা হবে, দেখব সে খেলায় কে হারে কে জেতে। সাহস থাকলে পেট্রলবোমা ছেড়ে সেই নির্বাচনে আসেন। সেই খেলা হবে ফাইনাল খেলা। সেই খেলায় শেখ হাসিনাই জিতবে, জনগণ ভোট দেবে। আপনার মতো বোমাবাজকে ভোট দেবে না।’ তিনি আরও বলেন, ‘দেশে একজন জঙ্গি নেত্রী আছেন। সেই জন হলেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। আমাদের একটাই কাজ, সেই জঙ্গিদের দমন করতে হবে। তাদের বিষদাঁত ভেঙে দিতে হবে।’
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, বিএনপি সব রাজনীতির খেলায় পরাজিত হয়ে মাহমুদুর রহমান মান্নাকে দিয়ে উত্তরপাড়ায় ষড়যন্ত্র করে বিশৃঙ্খলার সৃষ্টি করতে চেয়েছিল। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।
সমাবেশে খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, ‘এখনো মান্না সাহেবদের মতো সুশীল বাবুরা অনেকেই অনেকের সঙ্গে কথা বলছেন। সব কথাই ফাঁস হবে। সবারই বিচার হবে। সাবধান হয়ে যান। কাউকে ছাড় দেওয়া হবে না।’
গণতন্ত্রী পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য মাহমুদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান, ন্যাপের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, জাতীয় পার্টির (জেপি) সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহিম প্রমুখ।