নির্বাচন শব্দটা গালি হয়ে যাচ্ছে : নজরুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচন এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে মানুষ এই ‘নির্বাচন’ শব্দটাকে আর সম্মানের চোখে দেখবে না। তিনি বলেন, নির্বাচন গণতন্ত্রের বাহক। নির্বাচন নষ্ট হলে গণতন্ত্র নষ্ট হয়ে যায়। এখন যেভাবে নির্বাচন হচ্ছে, তাতে নির্বাচন শব্দটা গালি হয়ে যাচ্ছে।

আজ শনিবার চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল চারটায় ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে দেখা করতে যান নজরুল ইসলাম খান ও দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। সেখান থেকে বেরিয়ে নজরুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, প্রতিবার নির্বাচনে যা যা ঘটেছে, তা সিইসিকে জানানো হয়েছে। তাঁর আশ্বাসে বিএনপি পরিবর্তন আশা করেছিল। কিন্তু ঘটনার কোনো পরিবর্তন হয়নি। জুলুম, নির্যাতন, হত্যা, কারচুপি, ব্যালট বাক্স ছিনতাই অব্যাহত আছে। আগে প্রতিবারই সিইসি কথা দিয়েছিলেন এসব ঘটনার বিচার হবে। বিএনপি আক্ষেপের সঙ্গে বলছে, ভালো কথাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সংস্কার একটি ভালো শব্দ। এক-এগারোর সময় ভালো শব্দটিকে দুর্গন্ধযুক্ত শব্দে পরিণত করা হয়েছে। এখন নির্বাচন এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে মানুষ এখন নির্বাচন শব্দটাকে সম্মানের চোখে দেখবে না। বিএনপি প্রতিরোধ করার চেষ্টা করবে। কেননা, আগের চেয়ে নির্বাচনী পরিস্থিতির অবনতি হয়েছে।