নির্বাচন শব্দটা 'গালি' হয়ে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সরকারি দলের সন্ত্রাস, কেন্দ্র দখল ও ভোট ডাকাতির কড়া সমালোচনা করে বিএনপির নেতারা বলেছেন, এখন যেভাবে নির্বাচন হচ্ছে, তাতে নির্বাচন শব্দটা ‘গালি’ হয়ে যাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে যেকোনো নির্বাচন আওয়ামী লীগের ঘরোয়া অনুষ্ঠানে পরিণত হবে।
গতকাল শনিবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ শেষে এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
সিইসির সঙ্গে কথা বলে তাঁর কার্যালয় থেকে বেরিয়ে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘সংস্কার একটি ভালো শব্দ। এক-এগারোর সময় ভালো শব্দটিকে দুর্গন্ধযুক্ত শব্দে পরিণত করা হয়েছে। এখন নির্বাচন এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে, মানুষ এখন নির্বাচন শব্দটাকে সম্মানের চোখে দেখবে না।’
বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচন গণতন্ত্রের বাহক। নির্বাচন নষ্ট হলে গণতন্ত্র নষ্ট হয়ে যায়। এখন যেভাবে নির্বাচন হচ্ছে, তাতে নির্বাচন শব্দটা “গালি” হয়ে যাচ্ছে।’
নজরুল ইসলাম খান বলেন, প্রতিবার নির্বাচনে যা যা ঘটেছে, তা সিইসিকে জানানো হয়েছে। তাঁর আশ্বাসে বিএনপি পরিবর্তন আশা করেছিল। কিন্তু ঘটনার কোনো পরিবর্তন হয়নি।
নির্বাচনব্যবস্থা মহাশ্মশানে পরিণত হয়েছে: বিকেলে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, দেশের নির্বাচনব্যবস্থা মহাশ্মশানে পরিণত হয়েছে। এই ব্যবস্থা চলতে থাকলে সামনের যেকোনো নির্বাচনই আওয়ামী লীগের ঘরোয়া অনুষ্ঠানে পরিণত হবে।
রিজভী গতকালের নির্বাচন পরিস্থিতি তুলে ধরে অভিযোগ করেন, চতুর্থ ধাপের ৭০৩টি ইউপির অধিকাংশই ভোটকেন্দ্র দখল করে ক্ষমতাসীনেরা কেড়ে নিয়েছে। ভোট জালিয়াতির মহোৎসব করেছে।
রিজভী বলেন, আগের তিনবারের মতো চতুর্থ দফার নির্বাচনেও বিএনপির এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া, ভোটারদের ভোট প্রদানে বাধা, অস্ত্রের মহড়া, হামলা ও নিরুপায় হয়ে প্রার্থীদের ভোট বর্জনের চিত্র ছিল একই। আগের মতো এবারও ভোটের দিন সকাল আটটায় ভোট শুরু হওয়ার কথা থাকলেও অনেক কেন্দ্রে ভোট শুরু হয়ে যায় আগের রাতে। এর জন্য দায়ী অথর্ব নির্বাচন কমিশন।
বিএনপির এই নেতা বলেন, ইউপি নির্বাচন নিয়ে সংঘাত-সংঘর্ষে নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী সময়ে এ পর্যন্ত ৭১ জন লোক মারা গেছেন। নির্বাচন কমিশন হুইসেল বাজানো প্রহরীর দায়িত্বও পালন করতে পারেনি। বরং যারা নির্বাচনব্যবস্থা ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে, তাদেরই সহায়তা করে এসেছে এই কমিশন। তিনি দাবি করেন, মনোনয়নপত্র জমাদানে বাধাদান, মনোনয়নপত্র কেড়ে নেওয়া বা ছিঁড়ে ফেলার কারণে বিএনপির প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারেননি। তাঁর দাবি, এসব বিষয়ে কমিশনকে অভিযোগ করলে অবলা প্রাণীর মতো আচরণ করেছে কমিশন।