নির্বাচন শান্তিপূর্ণ ও স্বচ্ছ হয়েছে: আ.লীগ
অতীতের যেকোনো সময়ের তুলনায় গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রথম ধাপের নির্বাচন ‘বেশ ভালো’, ‘শান্তিপূর্ণ’, ‘স্বতঃস্ফূর্ত’ এবং ‘স্বচ্ছ’ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। তাঁর মতে, ৯৯ দশমিক ৭২ শতাংশ ভোট সুষ্ঠু হয়েছে।
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গতকাল তিন দফা দলটির পক্ষ থেকে সংবাদ ব্রিফিংয়ে দীপু মনি এসব কথা বলেন।
দীপু মনি বলেন, ‘৭১৭টি ইউনিয়ন পরিষদের সাড়ে ছয় হাজারের বেশি কেন্দ্রে ভোট হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত মাত্র ১৮টি কেন্দ্রের ভোট স্থগিত হয়েছে। এই অনিয়ম তেমন ধর্তব্যের মধ্যে পড়ে না।’ তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের ইতিহাস দেখি, বিশেষ করে ২০০৩ সালে; তাহলে দেখব কীভাবে সহিংসতা হয়েছিল। শুধু আওয়ামী লীগ নেতা-কর্মীদের না, সংখ্যালঘুদের ওপরও নির্যাতন করা হয়েছিল। এবার এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।’
দীপু মনি বলেন, দলীয় ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে বলেই এ নির্বাচন এ রকম সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে। এ জন্য ইউনিয়ন পরিষদের ভোটার, নির্বাচন-সংশ্লিষ্ট কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি ধন্যবাদ জানান তিনি।
বিএনপি নির্বাচন কমিশনকে ‘দলীয় কমিশন’ বলারও কঠোর সমালোচনা করেন দীপু মনি। তিনি বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সার্চ কমিটি গঠন করে এই নির্বাচন কমিশন গঠন করেছেন। সেখানে বিএনপি অংশ নিয়েছিল। নির্বাচন কমিশন অত্যন্ত দক্ষতার সঙ্গে সহিংসতা দমন করতে সক্ষম হয়েছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের অধীনে থাকে এবং তারা সহায়তা করছে। সুতরাং এই নির্বাচন কমিশনকে বিএনপির ‘দলীয় কমিশন’ বলার কোনো ভিত্তি নেই। ইউপি নির্বাচন নিয়ে বিএনপি বরাবরের মতোই নির্লজ্জ মিথ্যাচার করছে।
সংবাদ ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে অবস্থান করে ইউপি নির্বাচন সার্বক্ষণিক তদারক করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।