নির্বাচন সহায়ক সরকারের অধীনেই হবে: সামসুজ্জামান
বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সহায়ক সরকারের অধীনেই হবে। সেই নির্বাচনে বিএনপি আসবে। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, আপনারা ওই নির্বাচনে আসবেন কিনা চিন্তা করেন।
আজ মঙ্গলবার নগরীর চাষাঢ়ায় একটি রেস্তোরাঁয় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সামসুজ্জামান এসব কথা বলেন। মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালামের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালসহ আরও কয়েকজন নেতা।
মাহফিলে সামসুজ্জামান বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। ক্ষমতা ছাড়তে হবে বলে আওয়ামী লীগ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। সে কারণে তারা বিএনপির মহাসচিবের ওপর আক্রমণ করেছে। কিন্তু সত্য হচ্ছে, আপনাদের ক্ষমতা ছড়াতে হবে এটা নিশ্চিত। তিনি বলেন, ‘পুলিশ নিয়ে গুন্ডামি করা যায়। পুলিশকে একটু দুরে রেখে আসেন তখন আমরা দেখব।’