নির্বাচন সুষ্ঠু করে বিএনপিকে আন্দোলনের সুযোগ দেব না: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপির বিভিন্ন অভিযোগ সম্পর্কে বলেছেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন করে বিএনপিকে আন্দোলনের সুযোগ দেব না। তাদের বলব, না জেনে, না শুনে অন্ধকারে ঢিল ছুড়বেন না। নালিশ করার পুরোনো অভ্যাস ত্যাগ করুন।’

গতকাল বুধবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নেতাদের নিয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে (ইসি) সর্বাত্মক সহায়তা করা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন কমিশন যেন এই নির্বাচনে স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, এ জন্য সরকার ইসিকে সর্বাত্মক সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা সেখানে সংযম ও সহিষ্ণুতা পালন করে যাচ্ছি।’ তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, ‘তারা জিতলে সব ঠিক, আর না জিতলে কারচুপি। এই মানসিকতা পরিহার করুন।’

প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটি ‘মনুষ্য সৃষ্টি’ তদন্তে এমন বিষয় বেরিয়ে আসা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা হচ্ছেন বর্তমান সরকারের উন্নয়ন, অর্জনের কেন্দ্রবিন্দু।’