
প্রার্থী ও ভোটারদের সহযোগিতায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। গতকাল বৃহস্পতিবার বিকেলে ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সিইসি এসব কথা বলেন।
সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন প্রতিবারই উদ্যোগ নেয়। এবার জায়গাটা ছোট ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচুর সদস্য নিয়োগ দেওয়া হয়েছিল। ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারেন এবং পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে জন্য ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাড়ে নয় হাজারের মতো সদস্য নিয়োগ করা হয়েছে। এ ছাড়া প্রার্থী ও ভোটাররা সহযোগিতা করেছেন। যার ফলে নির্বাচন সুষ্ঠু হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ব্যাপক। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে।