নির্বাচন স্থগিত হলেও থেমে নেই সহিংসতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলায় ১৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত ঘোষণা করা হলেও সহিংসতা থেমে নেই। উপজেলার বিভিন্ন স্থানে প্রায়ই সহিংসতার ঘটনা ঘটছে। নির্বাচন স্থগিত ঘোষণার পর থেকে নির্বাচনী সহিংসতার ঘটনায় চারজন নিহত হয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, চতুর্থ দফায় ৭ মে ১৬টি ইউপির নির্বাচন হওয়ার কথা ছিল। ৫ মে রাতে নির্বাচন কমিশন এখানে নির্বাচন স্থগিত ঘোষণা করে।
বাগমারা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ মার্চ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ৫ মে পর্যন্ত নির্বাচনী সহিংসতায় মামলা হয়েছে ১২টি। নির্বাচন স্থগিতের পরে সহিংসতা ছড়িয়ে পড়ে। নির্বাচন স্থগিত হওয়ার এক দিন পর উপজেলার আউচপাড়া ইউনিয়নে পুলিশ, আওয়ামী লীগের প্রার্থী ও ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হন। আহত হন আওয়ামী লীগের স্থানীয় প্রায় অর্ধশত নেতা-কর্মী। একই দিন গোয়ালকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলমগীর সরকারের লোকজন চারটি স্থানে দলীয় প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর হামলা চালান। এতে সাতজন আহত হন। এ ছাড়া ১৫ মে মাড়িয়া ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী আকবর আলী ও তাঁর ছেলের ওপর আওয়ামী লীগের প্রার্থী আসলাম আলীর লোকজন হামলা চালান। এর জের ধরে ওই দিন আকবরের লোকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের ওপর বোমা হামলা চালান।
সর্বশেষ গত মঙ্গলবার মাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর লোকজনের হামলায় দলীয় প্রার্থীর লোকজন আহত হন। একই দিনে নরদাশ ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। নির্বাচন স্থগিত হওয়ার পর থেকে গত মঙ্গলবার পর্যন্ত সহিংসতার ঘটনায় আটটি মামলা হয়।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরাম বাগমারা শাখার সভাপতি লুৎফর রহমান বলেন, নির্বাচন স্থগিত করায় বিভিন্ন ইউনিয়নে প্রায়ই সহিংসতার ঘটনা ঘটছে। দ্রুত নির্বাচন না হলে এই সহিংসতা দীর্ঘমেয়াদি হবে। এতে আরও প্রাণহানি হতে পারে। একই রকম শঙ্কা প্রকাশ করেছেন আরও ১১ জন চেয়ারম্যান পদপ্রার্থী।