নির্বাচন হবে উন্নয়ন কর্মী ও জ্বালাও-পোড়াও কর্মীদের মধ্যে: নাসিম
১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, রেফারির ভূমিকা নিয়ে নির্বাচন কমিশন মাঠে নেমেছে। এবার খেলা হবে নৌকা মার্কা জার্সি নিয়ে উন্নয়ন কর্মী এবং ধানের শীষ মার্কা জার্সি নিয়ে জ্বালাও-পোড়াও কর্মীদের মধ্যে।
আজ বুধবার বিকেলে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নে ১০ শয্যাবিশিষ্ট আমেনা মনসুর মা ও শিশুকল্যাণ কেন্দ্র এবং ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সমাবেশে এ কথাগুলো বলেন। মন্ত্রী বলেন, উন্নয়নই হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির অধ্যায়। অপর দিকে, হত্যা-লুটপাট ছিল বিএনপির রাজনীতি। বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রের মতো এ দেশেও সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এর কোনো বিকল্প নেই।
সরকারের উন্নয়নের কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সাহসী পদক্ষেপে পদ্মা সেতুর কাজ শুরু হয়েছে। এই সেতু নিয়ে বিএনপিসহ বিশ্বব্যাংকের অনেকেই মিথ্যাচার করেছে। কানাডার আদালতে তা প্রমাণিত হয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমীন সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাবেক সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক, শওকত হোসেন, সাইফুল ইসলাম বেলাল, খলিলুর রাহান প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মোহী, সিভিল সার্জন শেখ মনজুর রহমান, পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক শাহিন হাসান প্রমুখ।