নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ভন্ডুলের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন একদল ভোটার। গতকাল সোমবার বিকেলে কিশোরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ তোলা হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়নের মুসা গ্রামের ভোটার মো. আবেদ আলী। এ সময় উপস্থিত ছিলেন এই ইউপির আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আনিসুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী এ টি এম গোলাম রাব্বানী, ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য রশিদুল ইসলাম ও শতাধিক ভোটার।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, বর্তমান ইউপি চেয়ারম্যান জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুর রহমান নির্বাচন ভণ্ডুলের উদ্দেশ্যে তাঁর চাচাতো ভাই আনোয়ারুল ইসলামকে দিয়ে ২ ফেব্রুয়ারি উচ্চ আদালতে রিট করিয়েছেন। এতে উল্লেখ করা হয়েছে, কিশোরগঞ্জ ইউপির ১, ২, ৩ ও ৭ নম্বর ওয়ার্ডে ধাইজান নদের ভাঙনে পাঁচ হাজার ভোটার গৃহহীন হয়ে অন্যত্র চলে গেছেন। ইউপি আইন ২০০৯-এর ১৭ ধারা অনুযায়ী কোনো পরিষদের অন্তর্ভুক্ত সম্পূর্ণ বা আংশিক এলাকা ভাঙন অথবা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে বিলীন বা বিলুপ্ত হয়ে গেলে সরকার বিধি অনুযায়ী ওই ইউপি বাতিল বা পুনর্গঠন করবে। এ ছাড়া একই আইনের ১৩-এর ১-এ বর্ণিত বিধান অনুযায়ী, ভৌগোলিক অখণ্ডতা, ভোটার পুনর্বিন্যাস, সীমানা নির্ধারণ ও প্রশাসনিক সুবিধার বিষয় বিবেচনায় রেখে বর্ণিত ওয়ার্ডগুলোর সীমানা নির্ধারণ করে ভোটার পুনর্বিন্যাস ও নদী খনন করা একান্ত প্রয়োজন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বর্তমান ইউপি চেয়ারম্যান আসাদুর রহমান নির্বাচন স্থগিত করে বিনা নির্বাচনে স্বপদে বহাল থাকার পাঁয়তারা করছেন।
জানতে চাইলে আসাদুর রহমান বলেন, যাঁরা সংবাদ সম্মেলন করেছেন, তাঁদের ওদিকে নদী নেই। নদী ভাঙনে বিলীন হয়ে এলাকার প্রায় পাঁচ হাজার ভোটার বিভিন্ন জেলায় চলে গেছেন। এ কারণে সীমানা নির্ধারণ ও ভোটার পুনর্বিন্যাস প্রয়োজন। তিনি বলেন, ‘মামলার বাদী আনোয়ারুল ইসলাম আমার চাচাতো ভাই নন।’ এ বিষয়ে কথা বলতে আনোয়ারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে থাকা জলঢাকার ইউএনও হাসান হাবীব বলেন, ‘উচ্চ আদালতে রিট দাখিল হওয়ার পর আমরা একটা প্রতিবেদন দিয়েছি।’
এ ইউপিতে চতুর্থ ধাপে ৭ মে ভোট হবে।