নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন তিন কমিশনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন নতুন দায়িত্বপ্রাপ্ত তিন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, বেগম কবিতা খানম ও শাহাদাত হোসেন চৌধুরী। তাঁরা একে মহাপরীক্ষা মনে করছেন। গতকাল শনিবার কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে নির্বাচনী আচরণবিধি ও আইনশৃঙ্খলাবিষয়ক এক মতবিনিময় সভায় ঘুরেফিরে তিন বক্তা একই কথা বলেন।
বেলা ১১টায় কুমিল্লা টাউন হল মিলনায়তনে ওই সভা হয়। এতে ৪ মেয়র পদপ্রার্থী, ১১৪ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী, ৪০ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ৩০ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।
কুমিল্লার জেলা প্রশাসক মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য দেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম ও শাহাদাত হোসেন চৌধুরী, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ, জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন প্রমুখ। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে বিজিবির কুমিল্লা অঞ্চলের সেক্টর কমান্ডার গাজী মো. আহসানুজ্জামান, ডিজিএফআইয়ের পরিচালক কর্নেল এ এফ এম আতিকুর রহমান, র্যা ব-১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা কায়জার, রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল বক্তৃতা করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুব তালুকদার বলেন, কুমিল্লা সিটি নির্বাচন বর্তমান নির্বাচন কমিশনের জন্য এক মহাপরীক্ষা। সমগ্র জাতি এ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। যেখানে নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের নির্দেশ দিচ্ছে, সেখানে কোনো ভয়ভীতি ও শিথিলতার অবকাশ নেই। এ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ধরনের শৈথিল্য বরদাশত করা হবে না।
অপর নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেন, গ্রেপ্তারি পরোয়ানা ও সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে নির্বাচনের সময় গ্রেপ্তার করা ঠিক না। নির্বাচন ভালো হবে। এ নিয়ে কোনো খারাপ কথা শুনতে চাই না।
নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এ ক্ষেত্রে কারও প্রতি কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এ নির্বাচন আমাদের জন্য একটি পরীক্ষা।’
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন বিএনপির মেয়র পদপ্রার্থী মো. মনিরুল হক সাক্কু, আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি-রব) শিরিন আক্তার ও স্বতন্ত্র প্রার্থী মো. মামুনুর রশীদ। এ ছাড়া দৈব নমুনায়নের মাধ্যমে বক্তব্য দেন ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী কোহিনুর আক্তার কাকলি, ১২ নম্বর ওয়ার্ডের ইমরান বাচ্চু, ১৫ নম্বর ওয়ার্ডের রাজু আহমেদ, ২৪ নম্বর ওয়ার্ডের আরিফ, ২৭ নম্বর ওয়ার্ডের সহিদুল ইসলাম, সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ৩ নম্বর ওয়ার্ডের সুরাইয়া আক্তার, ৭ নম্বর ওয়ার্ডের নাজনীন কাজল, ৯ নম্বর ওয়ার্ডের মনোয়ারা বেগম প্রমুখ।