নির্বাচনকে প্রহসনে পরিণত করার আয়োজন সম্পন্ন: খালেদা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আসন্ন পৌর নির্বাচনকে প্রহসনে পরিণত করার সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। বিরোধী দলের অফিস ও প্রার্থীর ওপর হামলা, সমর্থকদের হত্যা, প্রচারণায় বাধা দেওয়া, ভয়ভীতি প্রদর্শন, গ্রেপ্তার ও হুমকি চরম আকার ধারণ করেছে। এই ‘নাজুক পরিস্থিতিতে’ সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান তিনি।
আজ সোমবার বিকেলে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়া এই দাবি জানান। তিনি নির্বাচনে বিএনপির প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে বলেন, গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে বিএনপি নির্বাচনে লড়ছে।
সংবাদ সম্মেলন হলেও খালেদা জিয়া সাংবাদিকদের কোনো প্রশ্ন করার সুযোগ দেননি। তাঁর লিখিত বক্তব্য শেষে সাংবাদিকেরা প্রশ্ন করতে চাইলে খালেদা জিয়া বলেন, আরেকদিন তিনি প্রশ্নের উত্তর দেবেন।
খালেদা জিয়া অভিযোগ করেন, বিরোধী দলের সমর্থক ভোটার ও সম্ভাব্য এজেন্টদের ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য প্রতিনিয়ত ভয়ভীতি দেখানো হচ্ছে। সন্ত্রাসী ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর এক শ্রেণির সদস্যকে এই অপকর্মে ব্যবহার করা হচ্ছে। সরকারি দলের সন্ত্রাসীরা বিভিন্ন নির্বাচনী এলাকায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিচ্ছে, সশস্ত্র হামলা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ভোটকেন্দ্র দখলের হুমকিও দেওয়া হচ্ছে। শাসক দলের মন্ত্রী-এমপিরা নির্বাচনী আচরণবিধি বেপরোয়াভাবে লঙ্ঘন করে চলছেন। এর কিছু কিছু খবর সংবাদমাধ্যমে প্রচারিত হলেও মামুলি কারণ দর্শানো নোটিশ এবং তারপর লোক দেখানো দুঃখ প্রকাশ করে নির্বাচন কমিশন দায় সারছে। ইতিমধ্যে ক্ষমতাসীনদের আচরণবিধি লঙ্ঘন রোধে প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেছে নির্বাচন কমিশন। এর মাধ্যমে তারা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে নিজেদের অসহায়ত্ব ও অক্ষমতাই প্রকাশ করেছে।
নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘পৌর নির্বাচনকে কী ধরনের প্রহসনে পরিণত করার পরিকল্পনা নিয়ে সরকার এগোচ্ছে। এই নাজুক পরিস্থিতিতে আমরা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনাবাহিনী মোতায়েনের দাবি করেছি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ দাবি নাকচ করে বলা হয়েছে যে, সেনাবাহিনী মোতায়েনের মতো পরিস্থিতি না-কি সৃষ্টি হয়নি। আমরা জানি না, আর কত ভয়াবহ অবস্থা হলে নির্বাচন কমিশন সেনা মোতায়েনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মনে করবেন।’