নির্বাচনকেন্দ্রিক শেষ ইচ্ছা জানালেন এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘আমার জীবনের শেষ নির্বাচনে জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখে যেতে চাই। এর আগে মরতে চাই না।’
আজ মঙ্গলবার কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পার্টির এক যৌথসভায় এ মন্তব্য করেন এইচ এম এরশাদ। আগামী ১৫ ফেব্রুয়ারি ঢাকায় সমাবেশ সফল করার জন্য যৌথসভার আয়োজন করে জাতীয় পার্টি।
এইচ এম এরশাদ বলেন, ‘আমরা টাকাপয়সার কথা চিন্তা করছি না। তোমরাও টাকাপয়সার কথা চিন্তা কোরো না। আমার জীবনের শেষ নির্বাচন...জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখে যেতে চাই। এর আগে মরতে চাই না।’
এইচ এম এরশাদ বলেন, ‘আমার মনে হয়, সামনে আবারও একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে। আমরা যদি শক্তিশালী হই, তাহলে কিছুই ভয় করি না। আগামী ১৫ ফেব্রুয়ারি আমরা দেখাতে চাই, আমরা শক্তিশালী দল।’ তিনি বলেন, দুর্বলের সঙ্গে কেউ হাত মেলায় না। ফাইনাল কথা, শক্তি সঞ্চয় করো—হাত এগিয়ে আসবে। আগামী ১৫ ফেব্রুয়ারি পাঁচ লাখ লোক জোগাড় করে আনতে পারলে জাতীয় পার্টির ক্ষমতায় যাওয়া নিশ্চিত বলেও তিনি মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৭টি মামলা হয়েছে। আমার বিরুদ্ধে হয়েছিল ৪২টি। মানে আরও পাঁচটি বাকি আছে।’ তিনি বলেন, আওয়ামী লীগ অর্থনৈতিক উন্নতির কথা বললেও মানুষের দুর্দশা লাঘব হয়নি। দেশের মানুষের উন্নতির জন্য ও শিল্প-কলকারখানা সৃষ্টির জন্য জাতীয় পার্টির ক্ষমতায় যেতে হবে।
এরশাদ আরও বলেন, ‘এখন এমন একটি অবস্থা, আওয়ামী লীগের কাছে বিএনপি নিরাপদ নয়, বিএনপির কাছে আওয়ামী লীগ নিরাপদ নয়। আমাদের কাছে সবাই নিরাপদ, দেশের মানুষও নিরাপদ।’
জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক, সৈয়দ আবু হোসেন বাবলা, এস এম ফয়সল চিশতী প্রমুখ সভায় বক্তব্য দেন।