নির্বাচনী অনিয়মের অভিযোগ অনলাইনে: পাঠক প্রতিক্রিয়া
নির্বাচনে অনিয়ম হলে অনলাইনে অভিযোগ করা যাবে, এ রকম একটি প্রস্তাব নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম আলোর ফেসবুক পেজে এ উদ্যোগ কতটা ফলপ্রসূ হবে, সে বিষয়ে পাঠকদের মতামত জানতে চাওয়া হয়েছিল। অনেক পাঠক তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
এ ধরনের পদক্ষেপ আদৌ কাজে লাগবে কি না, এ বিষয়ে সন্দিহান কেউ কেউ। মো. ফজলুল হক রাজু লিখেছেন, ‘যার কোনো প্রতিকার নেই, সে বিষয়ে বলে কী লাভ, বলেন? আমাদের মন্তব্য হয়তোবা কোনো অনলাইনে দেখাবে কিন্তু অনিয়ম থেকে কি আদৌ রেহাই পাওয়া সম্ভব?’ ফয়সাল লিখেছেন, ‘অভিযোগ পাঠালাম, তিন দিন পর দেখলেন, লাভ কী? এ দেশে ফলাফল ঘোষণা হলে তা কি আর অবৈধ ঘোষণা করতে পারবেন? আমার ১২ বছরের চাচাতো ভাইও একবার উপজেলা নির্বাচনে ভোট দিয়েছে। আর সেই কমিশনও দুধে-ভাতে থেকেছে। আপনারা একটু উল্টো পথে হাঁটুন না।’ শেখ দেলোয়ার গালিব লিখেছেন, ‘একদিকে অভিযোগ দেবে, অপরদিকে দেখছি দেখছি করে একতরফা ভোট হয়ে যাবে। তারপর দেখবেন সার্ভারই গায়েব। নির্বাচন কমিশন বলবে সার্ভার হ্যাক হয়েছে, তদন্ত চলছে। এভাবে তদন্ত করতে করতে আরও একটা নির্বাচন এসে পড়বে।’
অভিযোগের মাধ্যম বদলালেই যে সেটি খুব কার্যকর হবে, তা মনে করেন না অনেকেই। পথিক সাদ্দাম লিখেছেন, ‘সরাসরি অভিযোগ করেই যেখানে প্রতিকার পাওয়া যায় না, অনলাইনে অভিযোগ করেও কোনো লাভ হবে না। শুমাত্র ডিজিটাল উদ্যোগ।’ শফিকুল আলম চৌধুরী লিখেছেন, ‘অভিযোগ দেওয়া যাবে কিন্তু সমস্যার সমাধান হবে না। ক্ষমতার কাছে সব অন্ধ, আইন আদালত, প্রশাসন সব ক্ষমতাহীন।’ আকরাম খান লিখেছেন, ‘কিছুই হবে না। কেউ অভিযোগ করলেও তাদের কিছুই করার ক্ষমতা কারও নেই। যেভাবে চলছে অনিয়ম, সেভাবেই চলবে।’ রবিন সিদ্দিকী লিখেছেন, ‘সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলে অভিযোগ অনলাইন থেকে ডিলিট করে দিতে পারে। আর যেগুলো থাকবে তা লোক দেখানো!’ নাজমুল হাসান মাসুম লিখেছেন, ‘অনিয়মের তদন্ত করতে করতে নতুন সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে...’
তবে অভিযোগ করার জন্যই করা নয়, অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিতে না পারলে এ উদ্যোগ কোনো কাজে লাগবে না বলে মনে করছেন কেউ কেউ। রানা আরিফুল লিখেছেন, ‘আসলে পদক্ষেপ নেওয়া বড় কথা না, পদক্ষেপ বাস্তবায়ন করাটা হলো বড় বিষয়। কারন অনলাইনে অভিযোগ করলাম, কিন্তু ফল পেলাম না, তাহলে অভিযোগ করে লাভ কী হলো? আরেকটা দিক, অভিযোগকারী ব্যক্তি যদি ফল না পায়, তাহলে তার অভিযোগ করার মন মানসিকতা হারিয়ে যাবে। তাই, অভিযোগ মনিটরিং করা এবং সে বিষয়ে পদক্ষেপ নেওয়াটা আমার মনে হয় বেশি জরুরি।’ অমিত হাসান লিখেছেন, ‘অভিযোগ দাখিল করে কতটুকু লাভ হবে, সেটা বলা কঠিন। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়াটা হলো আসল বিষয়।’ আবদুর রহমান লিখেছেন, ‘তেঁতুলগাছের প্রয়োজনীয় যত্নআত্তি এবং অন্য সব সার, ওষুধ ঠিকমতো দেওয়ার পরেও তেঁতুলগাছ থেকে সুমিষ্ট আম পাওয়াটা যেমনি অসম্ভব, ঠিক তেমনই অভিযোগ নিয়ে অনিয়ম কমানোর আশাও অসম্ভব। কারণ...গোড়াতেই গলদ!’
আবার নির্বাচনের পর অভিযোগ করলে কিছু হবে কি না, সেটা নিয়ে দ্বন্দ্ব রয়েছে অনেকের মনে। মাইনুল হাসান মিল্টন লিখেছেন, ‘চুরি হয়ে যাওয়ার পরে চোর চোর বলে চেঁচিয়ে যেমন লাভ হয় না, নির্বাচনের পরে অভিযোগ করেও কোনো লাভ হবে না।’ সোনিয়া লিখেছেন, ‘কোনোখানেই তো আমাদের মতামতের মূল্য নেই। এই যে এত অরাজকতা, দিনেদুপুরে কত অপরাধ সংঘটিত হচ্ছে, তার কয়টার বিচার হয়েছে? যেই সরকার থাকুক না কেন, নিজের দলের কেউ অপরাধ করলে তাকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। নয়তো যতই নির্বাচনে অনিয়মের অভিযোগ অনলাইনে দাখিল করি না কেন, সেটা কার্যকর করা যাবে না। প্রয়োগের উদ্দেশ্য নিয়েই কেবল অনিয়ম ঠেকানো যাবে।’
পাঠকদের সব মন্তব্য দেখতে আমাদের ফেসবুক পোস্টে যেতে পারেন।