নির্বাচনী ইশতেহার প্রস্তুতের সঙ্গে যুক্ত দলগুলোর কাছে সময় চাইব

এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘প্রধানমন্ত্রী রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা বা সংলাপ করছেন। নাগরিক সমাজের পক্ষ থেকে তাঁর সঙ্গে সংলাপ করার জন্য আগ্রহ দেখাচ্ছি না। আমরা কোনো চিঠি দিইনি। তবে রাজনৈতিক দল বিশেষ করে নির্বাচনী ইশতেহার প্রস্তুতের সঙ্গে যুক্ত দলগুলোর কাছে সময় চাইব।’
রাজধানীর সিরডাপ মিলনায়তনে আজ সোমবার ‘যুব সম্মেলন ২০১৮, বাংলাদেশ ও অ্যাজেন্ডা ২০৩০, তারুণ্যের প্রত্যাশা’ এ বিষয়ক মতবিনিময় সভায় দেবপ্রিয় এ কথা বলেন। তিনি বলেন, গত ১৪ অক্টোবর অনুষ্ঠিত যুব সম্মেলনে গৃহীত ঘোষণাপত্রে তরুণদের যে প্রত্যাশার কথা বলা হয়েছে, নির্বাচনের আগে নির্বাচনী ইশতেহারে যাতে তা অন্তর্ভুক্ত করা হয়, তা জানানোর জন্যই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে এ প্ল্যাটফর্ম।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশে বর্তমানে মোট ভোটারের প্রায় এক-তৃতীয়াংশই যুবসমাজের অন্তর্গত। এর মধ্যে নতুন ভোটার প্রায় দুই কোটি। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা মানুষের কথা শুনতে চান। তাই এই সময়টাকেই কাজে লাগাতে হবে।
বক্তব্যে দেবপ্রিয় ভট্টাচার্য যুব সম্মেলনের ঘোষণাপত্রে তরুণদের প্রত্যাশাগুলোর কথা উল্লেখ করেন। ঘোষণাপত্রে নির্বাচনের আগে যুবসমাজের সঙ্গে রাজনৈতিক দলগুলোকে আলোচনা করা এবং যুবদের মতামত বিবেচনায় নেওয়া, নির্বাচনী ইশতেহারে যুবদের কথা গুরুত্ব দেওয়া, ভোট পর্যবেক্ষণ প্রক্রিয়ায় যুবদের অংশগ্রহণের সুযোগ দেওয়া, নির্বাচনের পর নতুন সরকারের কর্মপরিকল্পনায় যুবদের বিষয় প্রাধান্য থাকাসহ বিভিন্ন দাবির কথা উল্লেখ করা হয়েছে।
এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের সচিবালয় হিসেবে দায়িত্ব পালন করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। মতবিনিময় সভায় এ প্ল্যাটফর্মের সমন্বয়ক আনিসাতুল ফাতেমা ইউসুফ, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, মূল উদ্যোক্তাদের একজন আসিফ ইব্রাহিম যুব সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সম্মেলনের বিভিন্ন দিক এবং সম্মেলন-পরবর্তী কার্যক্রম জানানোর জন্যই এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
আলোচনায় গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী বলেন, যুব সম্মেলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানতে চান, প্রথম শ্রেণি থেকে ১৪ বছর ইংরেজি পাঠ্য পড়েও শিক্ষার্থীরা কেন ইংরেজিতে কথা বলতে পারছেন না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, পড়াশোনা তো কাজে লাগবে না, চাকরি পেতে তো খুঁটির জোর লাগবে।
রাশেদা কে চৌধূরী বলেন, ‘সম্মেলনে এই যুবসমাজ যখন প্রশ্ন করা শুরু করে, তখন আমরা তার উত্তর দিতে পারিনি। যুবদের প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছি।’ কওমি মাদ্রাসার আইনি স্বীকৃতি প্রসঙ্গে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে রাশেদা কে চৌধূরী বলেন, ‘কেন এ আইনি স্বীকৃতি দেওয়া হলো, তার ব্যাখ্যা খুঁজে বেড়াচ্ছি। নিচু স্তর বাদ দিয়ে উচ্চস্তরের এ স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে সমমান বা সমপর্যায়ের শিক্ষা কতটুকু বিবেচনা করা হয়েছে, আমরা জানি না। তবে এ স্বীকৃতি নতুন ধরনের বৈষম্য এবং জটিলতা তৈরি করবে।’
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, যুবসমাজ কেন মাদক বা উগ্রবাদের সঙ্গে জড়াচ্ছে, তার মূল কারণ বের করতে হবে। এসব সমস্যা শক্তি প্রয়োগ করে বন্ধ করার উপায় নেই। মা–বাবা সম্পত্তি বিক্রি করে পড়াশোনা করানোর পর একজন যুবক যখন দেখেন পাঁচ লাখ টাকা ঘুষ ছাড়া চাকরি হবে না, তখন সে কী করবে? যুবসমাজের মানসিক স্বাস্থ্যসেবা দিতে কাউন্সেলিংয়ের বিষয়টিতে গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘যুবদের কাছ থেকে আসা বিভিন্ন প্রশ্নের উত্তর আমাদের কাছেও নেই।’