নির্বাচনী কর্মকর্তাদের ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথের প্রস্তাব

নির্বাচনের এক মাস আগ থেকে নির্বাচনের ১৫ দিন পর পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) প্রস্তাব দিয়েছে বিকল্প ধারা বাংলাদেশ। এ ছাড়া নির্বাচন অনুষ্ঠানে যাঁরা বিভিন্ন পর্যায়ে যুক্ত থাকবেন তাদের ধর্মীয় গ্রন্থ ছুঁয়ে নিরপেক্ষতার শপথ নেওয়ারও প্রস্তাব করেছে দলটি।
আর ঢালাওভাবে সেনা মোতায়েন না করে স্পর্শকাতর এলাকায় সেনা মোতায়েনের প্রস্তাব দিয়েছে ইসলামী ঐক্যজোট।
আজ সোমবার ইসির সংলাপে আলাদাভাবে অংশ নিয়ে দল দুটি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজেদের প্রস্তাব তুলে ধরে।
একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে অংশীজনদের সঙ্গে সংলাপের অংশ হিসেবে মঙ্গলবার সকালে বিকল্প ধারার সঙ্গে সংলাপ করে ইসি। ইসিকে দলটির দেওয়া লিখিত প্রস্তাবগুলোর মধ্যে আছে, নির্বাচন কমিশনকে জাতির পূর্ণ আস্থা অর্জন করা, নির্বাচনের সময় জেলা প্রশাসকেরা ইসির অধীনে দায়িত্ব পালন, প্রিসাইডিং অফিসার ও পুলিং অফিসারদের নিজ জেলায় দায়িত্ব না দেওয়া, নির্ভুল ভোটার তালিকা, আর কখনো সীমানা পুনর্নির্ধারণ না করা, সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করা, প্রতি বুথে ভোটার সংখ্যা ৩০০-৫০০র মধ্যে সীমাবদ্ধ রাখা, ভোট কেন্দ্রের ভেতরে ৩-৫ জন পুলিশ ও সেনা বাহিনীর ৩-৫ জন সদস্যকে নিয়োজিত রাখা, ‘না’ ভোট প্রচলন, সব প্রার্থীর প্রতিনিধির উপস্থিতিতে ভোট গণনা ও কেন্দ্রে ফল ঘোষণা, নির্বাচন অনুষ্ঠানে যাঁরা বিভিন্ন পর্যায়ে যুক্ত থাকবেন তাদের ধর্মীয় গ্রন্থ ছুঁয়ে নিরপেক্ষতার শপথ নেওয়া ইত্যাদি।
সংলাপ শেষে বিকল্প ধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী সাংবাদিকদের বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের দেওয়া দশম সংসদে প্রতিনিধিত্বকারী দলের প্রতিনিধিদের নিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব অযৌক্তিক। বর্তমান সংসদকে সত্যিকার অর্থে নির্বাচিত বলা যায় না। কারণ, এই সংসদে অর্ধেকের বেশি বিনা ভোটে নির্বাচিত প্রতিনিধি রয়েছেন। তিনি নবম সংসদের সদস্যদের সমন্বয়ে নির্বাচনকালীন সরকার গঠনের দাবি জানান।
এক প্রশ্নের জবাবে বি চৌধুরী বলেন, বর্তমান ইসির জনগণের আস্থা অর্জনের মনোভাব রয়েছে। তাদের প্রতিশ্রুতি বিশ্বাসযোগ্য মনে হয়েছে।
বিকেলে সংলাপে অংশ নেয় ইসলামী ঐক্যজোট। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট ছেড়ে যাওয়া এই দলটি ইসিকে ১১টি প্রস্তাব দেয়। তাদের প্রস্তাবগুলোর মধ্যে আছে, পুলিং বুথে এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করা, কেন্দ্রে জনসমক্ষে ফল ঘোষণা, ঢালাওভাবে না করে স্পর্শকাতর এলাকায় সেনা মোতায়েন, ইসির উদ্যোগে সব প্রার্থীর জন্য অভিন্ন পোস্টার করা, তফসিল ঘোষণার পর সরকার শুধু রুটিন কাজ করবে, যেসব দল ৩০ জনের বেশি প্রার্থী দেবে তাদের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে নির্বাচনী প্রচার চালানোর নিয়ম বহাল রাখা ইত্যাদি।
ইসলামী ঐক্যজোটের লিখিত প্রস্তাবে আরও বলা হয়েছে, কারও প্ররোচনা নয় বরং বিবেকের বিবেচনার নিরিখে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে হবে। প্রার্থী ও ভোটারেরা যাতে শ্বাসরুদ্ধকর ও বিভীষিকাময় পরিস্থিতির অশুভ থাবায় আক্রান্ত না হয়, সেদিকে ইসিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। অনৈতিকভাবে জয়ী হওয়ার চেষ্টা যেকোনো মূল্যে প্রতিহত করতে হবে।