নির্বাচনী কৌশল নিয়ে আ.লীগের বৈঠক
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে পরিকল্পনা ও কৌশল নির্ধারণে সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের সঙ্গে বৈঠক করেছে আওয়ামী লীগ। এ নির্বাচনে দল-সমর্থিত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।
গতকাল বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে এই বৈঠক হয়। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুনের সভাপতিত্বে এ বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, সতীশ চন্দ্র রায়, মাহবুব উল আলম হানিফ, আবদুর রাজ্জাক, ফারুক খান, হাছান মাহমুদ, সুজিত রায় নন্দী, যুবলীগের ওমর ফারুক চৌধুরী, হারুনুর রশিদ, ছাত্রলীগের বদিউজ্জামান সোহাগ, সিদ্দিকী নাজমুল আলম, স্বেচ্ছাসেবক লীগের পংকজ দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত নেতারা জানান, দল-সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারণার কৌশল নিয়ে বৈঠকে আলোচনা হয়। প্রতিটি ওয়ার্ডে এবং ভোটকেন্দ্রভিত্তিক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের কমিটি গঠনের কথা বৈঠকে জানান।
যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, যুব মহিলা লীগের নেতারা তাঁদের সংগঠনের কাউন্সিলর প্রার্থীদের কথা উল্লেখ করে বলেন, যোগ্য প্রার্থী হলে সহযোগী সংগঠন থেকে যেন কাউন্সিলর প্রার্থী দেওয়া হয়।
এ বিষয়ে আওয়ামী লীগের ১৫টি নির্বাচনী টিম কাজ করছে বলে কেন্দ্রীয় নেতারা জানান। বৈঠকে প্রতি ওয়ার্ডে একক কাউন্সিলর প্রার্থী নিশ্চিত করা হবে বলে বৈঠকে বলা হয়। আর দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো সংগঠনের কেউ যেন নির্বাচন না করে সে বিষয়ে সহযোগীদের নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া নির্বাচন পর্যন্ত দল-সমর্থিত মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে জোর দেওয়া হয়।
আনিসুল হকের বাসায় বৈঠক: ঢাকা উত্তরের আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে গতকাল রাত নয়টায় মেয়র প্রার্থী আনিসুল হকের বাসায় বৈঠক হয়। উত্তরের সমন্বয়ক ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।