বাংলাদেশ ব্যাংকে ডিজিটাল ডাকাতি, কলেজছাত্রী তনু হত্যা ও ইউনিয়ন পরিষদে তামাশার নির্বাচনকে ধামাচাপা দিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে আয়োজিত সমাবেশে দলের নেতারা এ অভিযোগ তোলেন।
সারা দেশে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে গতকাল সোমবার বিকেলে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এ সমাবেশ হয়। ঢাকা মহানগর বিএনপি এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। বিভিন্ন জেলায় বিএনপিকে সমাবেশ করতে দিলেও কয়েকটি জেলায় মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া নাশকতাসহ পাঁচটি মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইতে আজ ঢাকা মহানগর দায়রা জজ আদালতে যাবেন খালেদা জিয়া। সমাবেশে বিএনপির নেতারা খালেদা জিয়ার আদালতে যাওয়া-আসার রাস্তায় নেতা-কর্মীদের থাকতে বলেছেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তামাশার নির্বাচনকে ধামাচাপা দিতে খালেদা জিয়ার বিরুদ্ধে ওই গ্রেপ্তারি পরোয়ানা জারির উল্লেখ করে বলেন, ‘এতে আমরা বিভ্রান্ত হব না, জনগণ বিভ্রান্ত হবে না।’
খন্দকার মোশাররফ বলেন, সরকার যেমন গায়ের জোরে ক্ষমতায় আছে, ইউনিয়ন পরিষদেও তেমনি নির্বাচন করছে। দেশ-বিদেশের সবাই বলছে, এটি তামাশার নির্বাচন হচ্ছে। তিনি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির লক্ষ্য জিয়া পরিবার ও জাতীয়তাবাদী চেতনাকে ধ্বংস করা। কারণ, তারা খালেদা জিয়া ও তারেক রহমানকে ভয় পায়।
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, ‘সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। কিন্তু তাঁকে গ্রেপ্তার করতে পারবে না। যদি কোনো কারণে নেত্রীকে কারাগারে নেওয়া হয়, আমরা সবাই গণগ্রেপ্তারে যাব এবং আমি এর প্রথমে থাকব।’
সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, আওয়ামী লীগের ঐতিহ্য হলো ভোট ডাকাতি, ব্যাংক ডাকাতি, মানুষের পকেটের টাকা ডাকাতি। বাড়িতে ডাকাত পড়লে তাড়ানোর প্রথম দায়িত্ব বাড়িওয়ালার। জনগণ ঘুমিয়ে থাকলে ডাকাত আসবেই। তাই ডাকাতদের উৎখাত করে দেশকে বাঁচানো জনগণের নৈতিক দায়িত্ব।
সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির নেতা সেলিমা রহমান, ফজলুল হক, আবদুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া, শিরীন সুলতানা প্রমুখ।
সারা দেশে বিক্ষোভ: বরিশাল: খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় করতে পারেনি জেলা (দক্ষিণ) ও মহানগর বিএনপি। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে মিছিল বের করতে চাইলে অশ্বিনী কুমার হলের সামনে তাঁদের আটেক দেয় পুলিশ।
এর আগে বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম ওরফে শাহিন।
বিকেল পাঁচটায় অশ্বিনী কুমার হল-সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে জেলা (উত্তর) বিএনপি। তাদেরও মিছিল করতে দেয়নি পুলিশ। সমাবেশে জেলা (উত্তর) বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মেজবাহউদ্দিন ফরহাদের সভাপতিত্বে সমাবেশ হয়।
সুনামগঞ্জ: সুনামগঞ্জ পৌর শহরে গতকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে জেলা বিএনপি। শহরের কোর্ট পয়েন্ট থেকে দুপুর ১২টায় বিক্ষোভ মিছিল বের করেন দলীয় নেতা-কর্মীরা। মিছিলটি শহরের কালীবাড়ি পয়েন্ট এলাকায় এলে পুলিশ এতে বাধা দেয়। এখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, জেলা কৃষক দলের সভাপতি আ ত ম মিছবাহ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুক আলম প্রমুখ।