নির্বাচনী পোস্টারে ছেয়ে গেছে ঢাকা মেডিকেল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এখন ছেয়ে গেছে নির্বাচনী পোস্টারে। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (বিএনএ) নির্বাচনের ছোট-বড় নানা পোস্টার ওয়ার্ড থেকে শুরু করে প্রায় সবখানেই সাঁটানো।
২০ ডিসেম্বর হবে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের ঢাকা মেডিকেল কলেজ শাখার নির্বাচন। প্রার্থীরা নির্বাচনী প্রচারের জন্য হাসপাতালজুড়েই পোস্টার সাঁটিয়েছেন। হাসপাতাল চত্বরের বাইরে সাদা-কালো ও রঙিন পোস্টার ঝুলছে। হাসপাতালের ভেতরের অংশও বাদ যায়নি। করিডরে সুতায় ঝুলছে পোস্টার। দেয়াল অজস্র পোস্টারে ভরা। এমনকি ওয়ার্ডের ভেতরের দেয়ালেও রয়েছে পোস্টার। ছোট থেকে শুরু করে দেয়ালে ঝুলছে বিশাল সাইজের পোস্টারও। কোথাও এমন উচ্চতায় এসব পোস্টার ঝোলানো হয়েছে যে হাঁটতে গেলে মাথায় লাগে। পুরোনো ভবনের নিচতলায় নার্সদের একটি কক্ষের দরজা পোস্টার দিয়ে সাজানো। ভেতরেও অনেক পোস্টার।
নার্সিং সুপারভাইজার আনিসুর রহমান সভাপতি পদে নির্বাচন করছেন। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন থেকে পরিবেশ নষ্ট না করার জন্য বলা হয়েছে। দেয়ালেও লাগাতে না করেছে। আমরা দেয়ালে পোস্টার লাগাইনি। তবে সমর্থকদের কেউ লাগিয়ে থাকতে পারে। তিন দিনের মধ্যে পোস্টার খুলে ফেলতে হবে।’ আনিসুর বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবারই প্রথম বিএনএর নির্বাচন হচ্ছে। মোট সাতটি পদের জন্য প্রার্থীরা লড়ছেন।
সাধারণ সম্পাদক পদের জন্য নির্বাচন করছেন আসাদুজ্জামান জুয়েল। এই সিনিয়র স্টাফ নার্স বলেন, দেয়ালে পোস্টার সাঁটানোর ব্যাপারে নিষেধাজ্ঞা আছে। তবে আচরণবিধিতে আছে সুতা দিয়ে ঝোলানো যাবে। হাসপাতালের উপপরিচালক খাজা আবদুল গফুর বলেন, একাধিকবার প্রার্থীদের চিঠি দেওয়া হয়েছে পোস্টার তুলে ফেলার জন্য।