নির্বাচনী ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়েছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারীর ১৪টি ইউনিয়নে ভোট গ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থীদের সমর্থকেরা ভোটকেন্দ্র দখল করে নেন বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন। তিনি বলেন, প্রহসনের নির্বাচনের মাধ্যমে সরকার সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়েছে। মীর নাছির বিএনপির চট্টগ্রাম বিভাগীয় নির্বাচন মনিটরিং টিমের প্রধান।
গতকাল শনিবার দুপুরে নগরের চট্টেশ্বরী রোডের নিজ বাসায় সংবাদ সম্মেলনে মীর নাছির অভিযোগ করেন, হাটহাজারীতে ভোটকেন্দ্র দখল করার জন্য ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়া, বোয়ালখালী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম মহানগরের বিভিন্ন চিহ্নিত বাহিনীর ক্যাডার ব্যবহার করেছে সরকারি দল। আতঙ্ক ছড়াতে বেশ কয়েকটি কেন্দ্রে গুলি ও বোমা হামলা করেছে। হাজার হাজার ভোটার ভোট দিতে না পেরে বাড়ি ফিরে গেছেন বলেও তিনি দাবি করেন।
মীর নাছির বলেন, হাটহাজারীতে ১৪টি ইউনিয়নের মধ্যে ১১ টিতেই বর্তমানে বিএনপির চেয়ারম্যান রয়েছেন। সুষ্ঠু নির্বাচন হলে এবার সবকটিতে বিএনপির প্রার্থীরা জয়ী হতেন। তিনি বলেন, ‘এত অনিয়মের পরও বিএনপি নির্বাচন বর্জন করেনি তার কারণ মানুষ দেখুক, সরকার নির্বাচনের নামে কী তামাশা করছে।’
সংবাদ সম্মেলনে গড়দুয়ারা ইউনিয়নে বিএনপির প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ফোরকান ও বুড়িশ্চর ইউনিয়নে বিএনপির প্রার্থী ওসমান গণি তাঁদের নির্বাচনী এলাকায় কেন্দ্র দখলের বর্ণনা দেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি ইফতেখার হোসেন চৌধুরী, বিএনপির নেতা আবদুস সাত্তার, নাজিম উদ্দীন চৌধুরী, কাজী বেলাল উদ্দিন প্রমুখ।