নির্বাচনী ভোজের খাবার জব্দ করে এতিমখানায় দান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলাকার ভোটারদের নিয়ে নির্বাচনী ভোজের আয়োজন করেছিলেন এক কাউন্সিলর প্রার্থী। অভিযোগ পেয়ে সেখানে উপস্থিত হন রিটার্নিং অফিসার। ভোজের সেই খাবার জব্দ করে তিনি দান করলেন স্থানীয় এতিমখানায়। আর প্রার্থীকে করলেন পাঁচ হাজার টাকা জরিমানা। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহীর পুঠিয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

ওই কাউন্সিলর প্রার্থীর নাম মো. শাহ জালাল। তিনি পুঠিয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

রিটার্নিং কর্মকর্তা মনজুরুল ইসলাম বলেন, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. শাহ জালাল নির্বাচনী ভোজের আয়োজন করে। পৌরসভার গোপালহাটি এলাকায় প্রার্থীর নিজ বাড়িতেই প্রায় ২০০ মানুষের জন্য এই আয়োজন করা হয়। অন্য প্রার্থীদের অভিযোগের ভিত্তিতে আমরা সেখানে গিয়ে দেখতে পাই ভোজের জন্য খিচুড়ি রান্না করা হয়েছে। সেই খিচুড়ি জব্দ করে পুঠিয়া রাজবাড়ি-সংলগ্ন একটি এতিমখানায় দিয়ে দেওয়া হয়। একই সঙ্গে প্রার্থীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আচরণবিধি ভঙ্গের বিষয়ে তাঁকে সতর্কও করে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে প্রার্থী মো. শাহ জালাল প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনী কমিটির হয়ে কাজ করা অল্প কয়েকজনের জন্য খাবারের আয়োজন করেছিলাম। কিন্তু নির্বাচন কমিশনের লোকজন না বুঝে খাবার নিয়ে চলে যায়। পাঁচ হাজার টাকা জরিমানাও করে।’