নির্বাচনী মাঠে নেই বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা–কর্মীরা মাঠে বেশ তৎপর। তবে নির্বাচনী মাঠে দেখা মিলছে না বিএনপির নেতা-কর্মীদের। দলটির শীর্ষ নেতারা বলছেন, বিএনপির নেতা–কর্মীদের বিরুদ্ধে পুলিশের ভয় ও মামলার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, গেল তিন বছরে উপজেলা বিএনপির নেতা–কর্মীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ৪৫টি মামলা করে। বেশির ভাগ মামলাই পুলিশের ওপর হামলার অভিযোগ এবং বিস্ফোরক দ্রব্য আইনে করা। নির্বাচন সামনে রেখে অধিকাংশ নেতা-কর্মী এখনো আদালত থেকে জামিন নিতে পারেননি। যাঁরা জামিন নিয়েছেন, আবার গ্রেপ্তারের আতঙ্কে তাঁরা বাড়ি ফিরতে পারছেন না।

বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, আদালত থেকে জামিন নিলেও তাঁরা এলাকায় ফিরতে পারছেন না। কারণ, প্রতি রাতেই পুলিশ নেতা-কর্মীদের খোঁজে তাঁদের বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে। আদালত থেকে জামিনে থাকলেও নতুন করে দায়ের করা গায়েবি মামলায় তাঁদের আবার গ্রেপ্তার করে রিমান্ডে নিচ্ছে পুলিশ।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল মান্নান বলেন, পুলিশের ভয়ে তাঁদের হাজারো নেতা-কর্মী এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। প্রতি রাতেই নেতা-কর্মীদের বাড়িতে পুলিশ অভিযান চালাচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশনা পুলিশ মানছে না। তিনি বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী ১৮ জন। তাঁদের মধ্যে অন্তত ১৬ জন এখনো এলাকায় ফিরে আসতে পারেননি গ্রেপ্তার-হয়রানির ভয়ে। তিনি বলেন, ‘পুলিশ এভাবে হয়রানি করলে আমরা কীভাবে নির্বাচনের প্রস্তুতি নেব?’

আজহারুল মান্নান নিজেও ওই আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী। তিনি জানান, গত কয়েক বছরে তাঁর এবং তাঁর ছেলের বিরুদ্ধে ২৫ মামলা হয়েছে। প্রতিটি মামলায় জামিন নিয়েছেন তাঁরা। কিন্তু হয়রানি বন্ধ হচ্ছে না।

মনোনয়নপ্রত্যাশী আরেক নেতা আদালত থেকে জামিন নিয়ে এলাকায় তৎপর আছেন। তিনি হলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল। তিনি জানান, আদালত থেকে জামিন নিয়ে একদিকে নির্বাচনী প্রস্তুতি, অন্যদিকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ‘গ্রাম মার্চ’ নামে একটি কর্মসূচি নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছেন তিনি। তবে সারাক্ষণ হয়রানির আতঙ্কে থাকেন।

কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হক বলেন, ‘আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ১৭টি মামলা হয়েছে। আমি দেশের বাইরে থাকার সময়ও আমার বিরুদ্ধে গায়েবি মামলা করা হয়েছে। দল যাঁকে মনোনয়ন দেবে, আমরা তাঁর পক্ষেই কাজ করব। কিন্তু আমরা কোথাও যেতে পারছি না। পুলিশের হয়রানি বন্ধ করার জন্য আমরা নির্বাচন কমিশনে অভিযোগ করব।’

হয়রানির অভিযোগ প্রসঙ্গে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর থেকে রাজনৈতিক দলের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। নেতা-কর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালায়নি পুলিশ।