নির্বাচনে অংশগ্রহণ ছাড়া আমাদের বিকল্প নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাদের সবার মধ্যে পরিষ্কার ধারণা থাকা উচিত, নির্বাচনে অংশগ্রহণ ছাড়া আমাদের কোনো বিকল্প পথ নেই। অংশগ্রহণমূলক যেকোনো প্রক্রিয়াকে প্রতিষ্ঠিত করার জন্য, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের সেই পথই বেছে নিতে হবে।’
গতকাল শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স (অ্যাব) আয়োজিত আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
বিএনপিকে একটা উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘একমাত্র নির্বাচনের মাধ্যমেই পরিবর্তনে বিশ্বাস করি। আজকে যে স্থানীয় সরকারে পরিবর্তন হবে; আমরা মনে করি, সেটা সত্যিকারের নির্বাচনের মধ্য দিয়ে হতে হবে। রাষ্ট্র পরিচালনার দায়িত্বও নির্বাচনের মাধ্যমে পরিবর্তন হবে বলে মনে করি। আমরা সে জন্য এই নির্বাচনে অংশগ্রহণ করেছি।’ তিনি বলেন, ‘আজকে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে একটা ছুতো ধরে আমাদের জঙ্গিবাদী, গণতন্ত্রবিরোধী শক্তি হিসেবে চিহ্নিত করার জন্য সমস্ত আয়োজন করে রাখা হয়েছে।’
মির্জা ফখরুল বলেন, ‘আজকেও (গতকাল) ঝিনাইদহ ও সাতক্ষীরায় বিএনপির নেতা-কর্মীদের গণহারে গ্রেপ্তার করা হয়েছে। তফসিল ঘোষণার পর সারা দেশে কমপক্ষে হাজার খানেক এবং এর আগে পাঁচ-ছয় হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা জানি, এ নির্বাচন একটা তামাশার মতো অবস্থায় দাঁড়িয়েছে। কিন্তু তারপরও এই নির্বাচনে আমরা আছি। কারণ এর মধ্য থেকেই আমাদের অবস্থানটা দৃঢ় করতে চাই। জনগণের কাছে যেতে চাই। ন্যূনতম যে সুবিধাটুকু আছে, সেটা নিতে চাই।’
অ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী আ ন হ আখতার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মুস্তাহিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক নুরুল আমিন ব্যাপারী প্রমুখ।