বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেছেন, সরকারের তল্পিবাহক নির্বাচন কমিশন ৫ জানুয়ারির নির্বাচন, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে নির্বাচনকেই হাস্যকর করে তুলেছে। যদি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে একইভাবে অনিয়ম-দুর্নীতি হয়, তাহলে এখান থেকেই সরকারের মৃত্যুঘণ্টা বেজে উঠবে।
গতকাল শুক্রবার নগরের চাষাঢ়ায় শহীদ মিনার প্রাঙ্গণে বাসদের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ বিপ্লবের ৯৯তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাসদ জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। জেলা সমন্বয়ক নিখিল দাসের সভাপতিত্বে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ, নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি আবু নাঈম খান, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি সেলিম মাহমুদ।
খালেকুজ্জামান বলেন, দেশের মানুষ আজ চরম সংকটে নিমজ্জিত। চরম ফ্যাসিবাদী শাসনে গণতন্ত্র আজ নির্বাসিত। শাসক শ্রেণি আকাশ-বাতাস ফাটিয়ে তাদের উন্নয়নের ঢাকের বাজনা যেভাবে বাজাচ্ছে, তার নিচে চাপা পড়ে যাচ্ছে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ। গ্যাস ও বিদ্যুতের মূল্য আবারও বাড়ানোর ষড়যন্ত্র হচ্ছে। স্বাধীনতার পর থেকে শাসক গোষ্ঠীর প্রত্যক্ষ ও পরোক্ষ পৃষ্ঠপোষকতায় জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতার বিস্তৃতি ঘটেছে। রামু, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, গোবিন্দগঞ্জের সাঁওতালদের ওপর আক্রমণ প্রশাসন ও সরকারি দলের ছত্রচ্ছায়ায় হচ্ছে। নারায়ণগঞ্জের ত্বকী, চঞ্চলসহ অনেক হত্যাকাণ্ডের বিচার হয়নি।