নির্বাচনে আ.লীগের খেলা মানুষ হজম করবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমীর খসরু মাহমুদ
আমীর খসরু মাহমুদ

চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জাতীয় সংসদ, উপজেলা, পৌরসভা, সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ যে খেলা দেখিয়েছে, দেশের মানুষ তা হজম করবে না। এটি হজম হওয়ার জিনিস নয়।
আজ শুক্রবার বিকেলে রাজনীতিবিদ ও পেশাজীবীদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। চট্টগ্রাম নগর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে নগরের জিইসি মোড়ের একটি কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলেন, ‘আপনি (শেখ হাসিনা) উন্নয়নের পথ দেখিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে স্বৈরতন্ত্র চালানোর যে প্রক্রিয়া শুরু করেছেন, তার শেষ প্রান্তে পৌঁছে গেছেন। আপনি মনে করছেন, বাংলাদেশের মানুষের রাজনীতি থেকে অবসর নিয়েছে। স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের জনগণ রাজনীতি থেকে অবসর নেয়নি।’
আইনের শাসন পদদলিত হচ্ছে উল্লেখ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, একই আইন শেখ হাসিনার জন্য এক রকম এবং খালেদা জিয়ার জন্য আরেক রকম। এক-এগারোর সময় করা শেখ হাসিনার দুর্নীতির মামলাগুলো প্রত্যাহার করা হলেও খালেদা জিয়ার মামলাগুলো করা হয়নি। বরং তাঁর বিরুদ্ধে নতুন নতুন মামলা দেওয়া হচ্ছে। তিনি অভিযোগ করেন, বিচার বিভাগকে ব্যবহার করে বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করছে সরকার।
সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশের মানুষ নিরপেক্ষ ও অংশগ্রহণকারী নির্বাচনের অপেক্ষায় আছে। নিপীড়ন, নির্যাতন, খুন, গুম, হত্যা, জেল ও ক্রসফায়ারের মাধ্যমে মানুষকে নির্বাচন থেকে দূরে রাখবেন ও নিরুৎসাহিত করবেন, আর উন্নয়নের বুলি দিয়ে জনগণের ভোটাধিকার কেড়ে নেবেন, বাংলাদেশে তা সম্ভব হবে না। বাংলাদেশের মানুষ ভোটাধিকারের মাধ্যমে পটপরিবর্তন করতে ভালোবাসে।’

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার একের পর এক হত্যাকাণ্ডের মাধ্যমে জনগণের মধ্যে ভীতি সঞ্চার করে ক্ষমতা টিকিয়ে রাখতে চাইছে। এতে বাংলাদেশের মানুষ ভয় পেয়েছে, ভীত হয়েছে—এটি সত্যি। তবে এ অবস্থা থেকে বের হয়ে এসে দেশকে মুক্ত করার সংগ্রামে প্রতিশ্রুতি দিয়েছে জনগণ। সব হত্যাকাণ্ডের বিচার হবে বলে জানান তিনি।

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মঞ্জুর/////////// মোর্শেদ খান নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে সরকার পতনের আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।

চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেন, দেশে সংবাদপত্রের স্বাধীনতা, আইনের শাসন ও মানুষের জীবনের নিরাপত্তা নেই। সরকার জঙ্গি দমনের নামে সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের গণগ্রেপ্তার করেছে। খুন, গুম ও মামলা দিয়ে বিএনপিকে দমন করা যাবে না। দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় বিএনপি রাজপথে আছে।

ইফতার মাহফিলে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান শামীম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান প্রমুখ।