নির্বাচনে এসে আপনারাও বাঁচুন, দেশটাকে বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাজুল ইসলাম। ছবি: প্রথম আলো
তাজুল ইসলাম। ছবি: প্রথম আলো

বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী বলেছেন, পরবর্তী নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে। আপনারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করেন; দেশটাকে বাঁচান, আপনারাও বাঁচুন।
আজ মঙ্গলবার বিকেলে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদে নদীভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে নগদ অর্থ ও ত্রাণ বিতরণের পর দেওয়া বক্তব্যে তাজুল ইসলাম চৌধুরী এসব কথা বলেন।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘দেশের মানুষের শান্তির জন্যই আমরা জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করছি। দেশ আগেও নিরাপদ ছিল, এখনো নিরাপদ আছে। দেশে কোনো আইএস নেই। যারা অতীতে জঙ্গি কার্যক্রম চালিয়েছিল, তারাই এখনো দেশে জঙ্গি কার্যক্রম চালাচ্ছে।’ এ সময় তিনি আরও বলেন, ‘আমরা সব সময় ঐক্যের পক্ষে। তবে কাদের সঙ্গে ঐক্য হবে? যারা জ্বালাও-পোড়াও রাজনীতি করে, তাদের সঙ্গে কিসের ঐক্য। যারা নির্বাচনে অংশ নেবে, নির্বাচনের ফলাফল মেনে সংসদে যাবে, তাদের সঙ্গে ঐক্য হতে পারে। এ ছাড়া কোনো ঐক্যের প্রয়োজন নেই।

আগামী নির্বাচন প্রসঙ্গে বিএনপির উদ্দেশে তাজুল ইসলাম চৌধুরী বলেন, আপনারা ট্রেন ফেল করেছেন। পরবর্তী নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে। আপনারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করেন; দেশটাকে বাঁচান, আপনারাও বাঁচুন। জাতীয় শোক দিবসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালন না করাকে শুভবুদ্ধির উদয় বলে মন্তব্য করেন তিনি।

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণের সময় রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম, মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইফুর রহমান, জেলা জাতীয় পার্টির সদস্যসচিব আমিনুল ইসলামসহ জাতীয় পার্টির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী রাজারহাট আদর্শ ডিগ্রি মহিলা কলেজে মতবিনিময় সভা করেন।