নির্বাচনে কারচুপি এইচ টি ইমামের কথায় প্রমাণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের অধীনে নির্বাচন নিয়ে বিএনপি যে কারচুপির আশঙ্কা করেছিল, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের কথায় তা সত্য বলে প্রমাণিত হলো। 
গতকাল শুক্রবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।
এর আগে গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় এইচ টি ইমাম ৫ জানুয়ারির নির্বাচন সম্পর্কে বলেছিলেন, ‘নির্বাচনের সময় বাংলাদেশ পুলিশ ও প্রশাসনের যে ভূমিকা; নির্বাচনের সময় আমি তো প্রত্যেকটি উপজেলায় কথা বলেছি, সব জায়গায় আমাদের যারা রিক্রুটেড, তাদের সঙ্গে কথা বলে, তাদেরকে দিয়ে মোবাইল কোর্ট করিয়ে আমরা নির্বাচন করেছি। তারা আমাদের পাশে দাঁড়িয়েছে, বুক পেতে দিয়েছে।’ এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ওই মন্তব্য করেন।
বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত ও প্রস্তাব গণমাধ্যমকে জানাতে গতকাল এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, স্থায়ী কমিটির বৈঠকে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় দ্বিতীয় দফা সম্পূরক অভিযোগপত্র দাখিলের ব্যাপারে বিএনপি তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে। বিএনপি মনে করে, ১০ বছর পর তৃতীয়বারের মতো অভিযোগপত্র দিয়ে বিএনপির নেতা সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের মেয়র গোলাম কিবরিয়া গউছকে রাজনৈতিক কারণে জড়ানো হয়েছে। সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে এবং বিরোধীদের গণতান্ত্রিক আন্দোলন দমানোর হীন চক্রান্তের অংশ হিসেবে এসব মিথ্যা মামলা দিচ্ছে।
তবে এই মামলায় বিএনপির সাবেক নেতা হারিছ চৌধুরীকে আসামি করার বিষয়ে মির্জা ফখরুল কোনো কথা বলেননি।
মির্জা ফখরুল বলেন, একদিকে ‘অবৈধ’ সরকারের গণবিরোধী আচরণ, অন্যদিকে অর্থনীতির ধস দেশের অস্তিত্বকে বিপন্ন করে ফেলেছে। এই অবস্থা থেকে বের হয়ে আসার জন্য আন্দোলনের কোনো বিকল্প নেই বলে মনে করে বিএনপির স্থায়ী কমিটি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জানান, দলের স্থায়ী কমিটির সভায় ৮ নভেম্বর তাঁদের ঢাকায় সমাবেশ করতে না দেওয়া এবং পরবর্তী সময়ে ৯ নভেম্বর বিএনপির কর্মসূচিতে বিভিন্ন জায়গায় পুলিশের হামলা, জিয়াউর রহমানকে নিয়ে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের ও হাসানুল হক ইনুর বক্তব্যের নিন্দা জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।