৫ জানুয়ারির সংসদ নির্বাচনের দুই বছরের মাথায় এসে দলের কেন্দ্রীয় নেতাদের অনেকে মনে করছেন, বিএনপির ওই নির্বাচন বর্জন করা ঠিক হয়নি। নির্বাচনে অংশ নিলে বিএনপি এখন যে দুর্দশায় পড়েছে, পরিস্থিতি এতটা খারাপ হতো না। সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচন সে উপলব্ধিকে আরও শক্ত ভিত্তি দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা ব্যক্তিগত আলাপে ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে এমন উপলব্ধির কথা বলেছেন। কিন্তু প্রকাশ্যে তাঁরা মন্তব্য করতে রাজি নন। কারণ, দলীয় সরকারের অধীন নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়ে অনড় ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এই অবস্থায় নির্বাচনে যাওয়ার পক্ষে কথা বলার ঝুঁকি নেননি কেউ। কারণ, তাতে ‘সরকারের দালাল’ আখ্যা পাওয়ারও আশঙ্কা ছিল।
বিএনপির নেতারা বলছেন, পৌরসভা নির্বাচনে প্রত্যাশিত ফল তাঁরা পাননি। দলীয় প্রার্থীদের ‘জোরজবরদস্তি’ হারিয়ে দিয়ে ফল ছিনতাই করা হয়েছে। কিন্তু এ নির্বাচনকে কেন্দ্র করে প্রায় দুই বছর পর দলের নেতা-কর্মীরা আত্মগোপন অবস্থা থেকে মাঠে ফেরার সুযোগ পেয়েছেন। তাঁরা প্রায় এক মাস ধরে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। এতে নেতা-কর্মীদের মধ্যে দীর্ঘদিনের লুকিয়ে থাকার মনোভাব কেটে আস্থার ভাব তৈরি করেছে। এ পরিস্থিতিকে গত দুই বছরের মধ্যে বড় রাজনৈতিক সাফল্য বলে মনে করছেন দলীয় নেতাদের কেউ কেউ।
দলটির গুরুত্বপূর্ণ পদে থাকা একজন নেতা সম্প্রতি প্রথম আলোকে বলেন, আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও তাঁরা মনে করছেন ৫ জানুয়ারির নির্বাচনে না যাওয়া বিএনপির ভুল ছিল। তাঁর ব্যক্তিগত মূল্যায়ন হলো, বিএনপি যদি নির্বাচনে যেত, তাহলে হয়তো পরিস্থিতি ভিন্ন হতো। আওয়ামী লীগের নেতা-কর্মীরা সে সময় নৈতিক ও মানসিকভাবে দুর্বল ছিলেন। বিএনপি যদি নির্বাচনের ঘোষণা দিয়ে নেতা-কর্মীদের মাঠে রাখত, তাহলে আওয়ামী লীগের পক্ষে মাঠ দখলে রাখা হয়তো দুরূহ হতো।
ওই নেতার মতে, নির্বাচনে হারিয়ে দেওয়া হলেও কিছু আসন বিএনপির থাকত। অন্তত প্রধান বিরোধী দল থাকত বিএনপি। এতে রাজপথের পাশাপাশি সংসদসহ বিভিন্ন জায়গায় কথা বলার সুযোগ থাকত। কূটনীতিকদের প্রশ্নের মুখেও পড়তে হতো না।
এ বিষয়ে কথা বলতে চাইলে রাজি হননি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে দলের স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য সংগ্রাম করছি। আমার মনে হয় জনগণকে সঙ্গে নিয়ে এই সংগ্রামটা নির্বাচনে অংশ নিয়েও হতে পারত।’
৫ জানুয়ারির নির্বাচন বর্জন নিয়ে দলের স্থায়ী কমিটির আরও দুজন সদস্যের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। দুজনেই নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, ৫ জানুয়ারির সংসদ নির্বাচনে বিএনপিকে জোর করে হারিয়ে দেওয়া হলেও পরিস্থিতি এতটা খারাপ হতো না। এভাবে মামলা-হামলায় নিষিদ্ধ ঘোষিত দলের মতো নেতা-কর্মীদের পালিয়ে বেড়াতে হতো না। এর মধ্যে একজন বলেন, তখন মাঠের পরিস্থিতি ছিল আওয়ামী লীগে বিপক্ষে। কেবল প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ভর করে আওয়ামী লীগ মাঠে ছিল। এ রকম পরিস্থিতিতে বিএনপি নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়ে মাঠে থাকলে পরিস্থিতি ভিন্ন রকম হতো।
বিএনপির চেয়ারপারসনের একজন উপদেষ্টার মূল্যায়ন হচ্ছে, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে বিএনপির বদনাম আছে। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে দেশে-বিদেশে প্রশ্নবিদ্ধ করা গেছে, এটাই এখন বিএনপির বড় পাওয়া। যদিও তাঁরা অনেকে ধরে নিয়েছিলেন, চাপে রাখা গেলে ’৯৬তে বিএনপির মতো সাংবিধানিক বাধ্যবাধকতায় নির্বাচনের পুনরাবৃত্তি করবে আওয়ামী লীগ সরকারও। সে জন্য দলটি জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর মধ্যস্থতা মেনে নিয়েছিল।
যদিও ৫ জানুয়ারির নির্বাচন বর্জন এবং ক্ষমতার পট-পরিবর্তনের আশায় মাঠে শক্তি প্রয়োগের কৌশলে ঠিক কী ভুল ছিল, তা নিয়ে বিএনপিতে যেমন অস্পষ্টতা আছে, তেমনি ২০-দলীয় জোটের শরিকদের মধ্যেও এ নিয়ে মতভিন্নতা আছে। তবে জোটের প্রধান অসন্তুষ্ট হতে পারেন—এই আশঙ্কায় গণমাধ্যমে উদ্ধৃত হতে রাজি হন না।
নাম প্রকাশে অনিচ্ছুক জোটের একটি শরিক দলের চেয়ারম্যান প্রথম আলোকে বলেন, তাঁর মতে ওই সময় বিএনপি পরপর তিনটি ভুল করেছে। এক. ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে খালেদা জিয়ার দেখা না করা। দুই. প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া না দেওয়া। তিন. তারানকোর মধ্যস্থতায় আলোচনা ভেঙে যাওয়ার পর নির্বাচনে না যাওয়া।
নির্বাচন বর্জনের বিষয়ে জানতে চাইলে গতকাল লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অলি আহমদ প্রথম আলোকে বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচন বর্জন সঠিক ছিল। কারণ আমরা সরকারের মনোভাব সম্পর্কে অবহিত ছিলাম।’ তিনি বলেন, তখন অনেকের মনে সংশয় থাকলেও উপজেলা, তিন সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচন বিশ্লেষণ করলে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় যে আওয়ামী লীগ সরকার ও এই নির্বাচন কমিশনের অধীন সুষ্ঠু নির্বাচন হবে না।
জোটের অন্যতম শরিক ইসলামপন্থী একটি দলের প্রধান বলেন, এখনকার পরিস্থিতিতে নির্বাচনে অংশ না নেওয়া ভুল মনে হলেও তখনকার পরিস্থিতিতে বর্জনই সঠিক ছিল। আওয়ামী লীগ সংবিধান সংশোধন করে, প্রশাসনকে নিজেদের মতো সাজিয়ে, নিজেদের কর্তৃত্বে নির্বাচন ঘোষণা করে। এমন একটি প্রেক্ষাপটে বিএনপির নির্বাচনে অংশ নেওয়া না-নেওয়ার মধ্যে কোনো তফাত ছিল না। তিনিও মনে করেন, ওই সংসদ নির্বাচনের পরিণতিও ৩০ ডিসেম্বরের পৌরসভা নির্বাচনের মতোই হতো।
তবে ৫ জানুয়ারির নির্বাচন বর্জনের দুই বছরের মাথায় এসে দলের শীর্ষ নেতৃত্বও এখন মনে করছেন, ক্ষমতার পরিবর্তন হবে নির্বাচনের মাধ্যমে। পৌর নির্বাচনের পরদিন গুলশানে সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রশ্ন করেন, এত অভিযোগের পরও বিএনপি এই সরকার ও কমিশনের অধীন নির্বাচনে অংশ নেবে? জবাবে তিনি বলেন, ‘নির্বাচনই তো রাজনৈতিক দলগুলোর একমাত্র ব্যবস্থা, যার মাধ্যমে আমরা ক্ষমতার পরিবর্তন করতে চাই। নির্বাচনে আমরা সব সময়ই থাকব।’
এর আগে ২০ ডিসেম্বর খালেদা জিয়া গুলশানে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বলেন, আন্দোলন নয়, নির্বাচনের মাধ্যমেই সরকারকে ঘায়েল করতে হবে। দলের শীর্ষ নেতৃত্বের এই মনোভাব আগের অবস্থানের বড় পরিবর্তন বলে মনে করছেন বিএনপির নেতারা।