নির্বাচনের জন্য আন্দোলন করে লাভ নেই: আমু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির হোসেন আমু
আমির হোসেন আমু

জাতীয় নির্বাচনের জন্য আন্দোলন করে লাভ নেই বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। তিনি খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘নির্বাচন অনুষ্ঠিত করার জন্য আন্দোলনের প্রয়োজন নাই। এটা ২০১৯ সালেই হবে। আপনার আন্দোলন যুদ্ধাপরাধীদের বাঁচানো ও দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করা।’
আজ বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্রলীগের শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমু এসব কথা বলেন। 
আমির হোসেন আমু বলেন, ‘বঙ্গবন্ধুর মুক্তি আন্দোলনসহ বহু আন্দোলন করেছিলাম। কিন্তু আমাদের আন্দোলনে কখনো বাসে পেট্রলবোমা মেরে ঘুমন্ত মানুষ হত্যা করিনি। ড্রাইভারকে হত্যা করিনি। তারা আন্দোলনের নামে মানুষ হত্যা করছে। তাদের ইতিহাস মানুষ মারার ইতিহাস। ১৯৭১ সালে যারা গণহত্যায় জড়িত ছিল, তাদের সহযোগী হওয়ায় আজ তাদের আন্দোলনের এ চিত্র।’ তিনি বলেন, ‘ওই ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তানে যেমন জুমার নামাজের পর বোমা হামলা হয়। ঠিক সেইভাবে এ দেশের অবস্থা সৃষ্টি করতে চায় তারা। তাই ছাত্রলীগকে বলব—দেশ রক্ষায় ও ষড়যন্ত্র মোকাবিলায় সতর্ক থাকতে হবে।’ 
ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন আখতারুজ্জামান।

খালেদা স্বেচ্ছায় অবরুদ্ধ
আদালতে না যেতেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া স্বেচ্ছায় অবরুদ্ধ হয়ে আছেন বলে মনে করেন ত্রাণমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
আজ বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থানের সময় মায়া এ কথা বলেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, আদালতে না যাওয়ার জন্য খালেদা জিয়া স্বেচ্ছায় অবরুদ্ধ হয়ে আছেন। সেখান থেকে সরকারের ওপর দোষ চাপাচ্ছেন তিনি। তিনি বলেন, অবরোধ হলো রাজনীতির সর্বশেষ ট্রাম্পকার্ড। যথাসময়ে অবরোধ না ডাকায় খালেদার এই ট্রামকার্ডটিও বিফলে যাবে।
মায়া বলেন, যে দলের মহাসচিব ভয়ে সাংবাদিকদের তীর্থস্থান জাতীয় প্রেসক্লাবে লুকিয়ে থাকে। তারা কী অন্দোলন করবে? নেতার বুকের পাটা থাকতে হয় বিশাল। স্বেচ্ছায় কারাবরণ করার ক্ষমতা যাদের নেই, তাদের দিয়ে খালেদা জিয়া দেশবাসীকে অবরুদ্ধ করে রাখতে পারবেন না।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, কার্যনির্বাহী সদস্য এনামুল হক শামীম, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।