নির্বাচনে জিততে পারবে না বুঝে সিইসিকে নিয়ে বিতর্ক করছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচনে জিততে পারবে না বুঝেই প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) নিয়ে বিতর্ক করছে বিএনপি।’
গতকাল শনিবার সকালে চট্টগ্রামের পটিয়া পৌর সদরের ইন্দ্রপোলের একটি কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
পটিয়া বাইপাস সড়কের নির্মাণকাজ পরিদর্শনের জন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী গতকাল পটিয়ায় আসেন। এ উপলক্ষে পটিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘দলে বসন্তের কোকিলের দরকার নেই। আগামী নির্বাচনের আগে জনগণের সঙ্গে ভালো ব্যবহার করে জনগণের মন জয় করে নিন।’ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা আছে জানিয়ে তিনি বলেন, ‘বিশ্বব্যাংকের সঙ্গে এ নিয়ে কথা হয়েছে। আশা করি তারা এ কাজটি করে দেবে।’
সমাবেশে সভাপতিত্ব করেন পটিয়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ। পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরীর পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ, পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাংসদ ওয়াসিকা আয়শা খানম।
সাতকানিয়া ও লোহাগাড়ায় পথসভা: লোহাগাড়া ও সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল লোহাগাড়া ও সাতকানিয়ায় পথসভায় বক্তব্য দিয়েছেন।
লোহাগাড়ার পথসভায় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, দলের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না। ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনের প্রস্তুতি নিন।
লোহাগাড়ার বটতলী স্টেশনে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী।
সাতকানিয়ার পথসভায় সেতুমন্ত্রী দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘ক্ষমতার দাপট দেখাবেন না। ক্ষমতার দাপট বেশিদিন থাকে না। মানুষের মনের ভাষা, চোখের ভাষা বুঝে মানুষের সঙ্গে ভালো আচরণ করবেন।’
দুপুরে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কেরানীহাটে আয়োজিত ওই পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ নজরুল ইসলাম চৌধুরী।
পথসভায় স্থানীয় সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীসহ উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন না।
পথসভায় স্থানীয় সাংসদকে না দেখে মন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন।