পৌরসভা নির্বাচনে শরিক দলগুলোর প্রার্থীদের সঙ্গে আওয়ামী লীগের প্রার্থীর যাতে কাদা ছোড়াছুড়ি না হয়, তা নিশ্চিত করার দাবি জানিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিকেরা। আওয়ামী লীগের নেতারা আশ্বাস দিয়েছেন, ভুল-বোঝাবুঝি হবে না।
আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে গতকাল মঙ্গলবার ১৪ দলের বৈঠকে পৌর নির্বাচন নিয়ে এই আলোচনা হয়েছে। শরিকেরা সমঝোতার মাধ্যমে নির্বাচনে প্রার্থী দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করতে আগ্রহী ছিল। কিন্তু আওয়ামী লীগ এককভাবে প্রার্থী ঘোষণা করে নির্বাচনে এগিয়ে যায়। শরিকেরাও কিছু কিছু পৌরসভায় নিজ দলের প্রার্থী দিয়েছে।
বৈঠক থেকে বেরিয়ে একাধিক নেতা বলেন, শরিক দলগুলো চেয়েছে যেখানে তাদের প্রার্থী রয়েছে, সেখানে যেন জোরজবরদস্তি কিংবা জোটের প্রার্থীদের মধ্যে ভুল-বোঝাবুঝি সৃষ্টি না হয়। ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম শরিকদের এ ব্যাপারে আশ্বস্ত করেছেন। পরে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার নেতৃত্বে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এই কমিটি যেখানে আওয়ামী লীগের একক প্রার্থী আছে, সেখানে দলটির প্রার্থীর পক্ষে কাজ করবে। আর যেখানে শরিকেরা আছে, সেখানে ঐক্য ধরে রেখে সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করবে।
এ ছাড়া বৈঠকে শরিক দলের এক নেতা দিনাজপুরে রাসমেলা, বগুড়ায় শিয়া মসজিদে ও ঢাকায় হোসেনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে পৌর নির্বাচনেও এমন হামলার আশঙ্কা করেন। আরেক নেতা যুদ্ধাপরাধীদের বিচার বিষয়ে পাকিস্তানের অবস্থানের বিরুদ্ধে সরকারকে আরও সোচ্চার হওয়ার এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান।
বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ১৪ দলের ঐক্য হিমালয়ের মতো অটুট। এটাকে কেউ ভাঙতে পারবে না। জোট মনে করে, পৌর নির্বাচনে যার যার মতো ভূমিকা রাখা দরকার। তাই আলাদা অবস্থান থেকে সবাই নির্বাচনে অংশ নিয়েছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।
পৌর নির্বাচনের প্রচারণায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অংশ নেওয়ার সম্ভাবনার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া মাঠে নামলে জনগণের আবার মনে পড়বে তিনি পেট্রলবোমা দিয়ে মানুষ হত্যা করেছিলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করতে চাই, আমাদের হিস্যার জন্য পাকিস্তানিদের ওপর চাপ দেওয়া হোক।’ নির্বাচনে নাশকতার আশঙ্কা করছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা কোনো আশঙ্কা করছি না। নাশকতা বিএনপির ওপর নির্ভর করছে।’
দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ১৪ দলের বৈঠকে আওয়ামী লীগের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, খালিদ মাহমুদ চৌধুরী, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, জাসদের নাজমুল হক প্রধান প্রমুখ।