নির্বাচনে প্রচারে গিয়ে বিএনপির সাবেক সাংসদের গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌর নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থীর প্রচারে গিয়ে হামলার মুখ পড়েছেন কুমিল্লার সাবেক সাংসদ আনোয়ারুল আজিম ও সাবেক উপজেলা চেয়ারম্যান মজির আহমেদ। এ সময় আনোয়ারুল আজিমের গাড়ি ভাঙচুর ও মজির আহমেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে লাকসাম পৌরসভার গাজীমোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ছাত্রলীগের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছে বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়। বিএনপির নেতা-কর্মীরাই হামলা চালিয়েছে, আওয়ামী লীগের কেউ হামলা চালাইনি বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
বিএনপির নেতা-কর্মীরা অভিযোগ করে জানান, লাকসাম পৌরসভা বিএনপি মেয়র প্রার্থী শাহনাজ আক্তারের গণসংযোগে অংশ নিতে আজ সকালে আনোয়ারুল আজিম ও দলীয় নেতা-কর্মীরা গাজীমোড়া পৌঁছান। এ সময় সাবেক এই সাংসদ গাড়ি থেকে নামার আগেই উপজেলা ছাত্রলীগের সভাপতি সিহাব খান ও আওয়ামী লীগের সাংসদ তাজুল ইসলামের এপিএস মনিরুল ইসলাম রতনের নেতৃত্ব ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। আনোয়ারুল আজিমের গাড়ি ভাঙচুর করা হয়। সাংসদ গাড়ি থেকে নেমে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। মজির আহমেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় প্রতিবাদে বিএনপির নেতা-কর্মীরা পাশের পতেপুর এলাকায় সড়কে কাঠের গুঁড়ি ফেলে বাধা সৃষ্টি করে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে গুঁড়ি সরিয়ে ফেললে যান চলাচল শুরু হয়।
এ ব্যাপারে লাকসাম পৌর আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মো. আবুল খায়ের প্রথম আলোকে বলেন, আমাদের দলীয় কোনো নেতা-কর্মী সাংসদের গাড়িতে ও বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালাইনি। বিএনপির কর্মীরা এ হামলা চালাতে পারে।
আনোয়ারুল আজিম বলেন, গতকাল বুধবার থেকেই বিএনপির প্রচারে বাধা দিচ্ছেন আওয়ামী লীগের নেতারা। তাই গাজীমোড়া এলাকা গণসংযোগ করতে দেবে না বলে বলে আগেই প্রচার করছিল। আজ সকালে প্রচারে গেলে আমার গাড়ি ভাঙচুর করা হয়।
মনিরুল ইসলাম রতন দাবি করেন, বিএনপির সাবেক সাংসদের গাড়ি এক পথচারীকে ধাক্কা দেয়। এ ঘটনায় উত্তেজিত জনতা সাংসদের গাড়ি ভাঙচুর করেছে। এ ব্যাপারে লাকসাম ছাত্রলীগের সভাপতি সিহাব খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।
লাকমাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, গাড়ি বহরে বেশি লোকজন ছিল। এ কারণে সেখানে ঝামেলা হয়েছে এবং সাবেক সাংসদের গাড়ি ভাঙচুর করা হয়।