নির্বাচনে মারামারির সব দায় কমিশনের নয়: শাহনেওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, নিজস্ব এলাকায় কেউ মারামারি করলে কমিশন তা প্রতিহত করতে পারে না। দেশে স্বাভাবিক অবস্থায় কিছু কিছু জায়গায় খুন-জখম হয়। তার অর্থ এই নয় যে নির্বাচনের সময় হলেই খুন, জখম হয়। নির্বাচনে প্রার্থীরা নিজেরা মারামারি করলে এর সব দায়দায়িত্ব নির্বাচন কমিশনের নেওয়ার কোনো কারণ নেই।
নির্বাচন কমিশনে গতকাল রোববার কমিশনার শাহনেওয়াজ সাংবাদিকদের এ কথা বলেন।
শাহনেওয়াজ বলেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কিছু প্রার্থী দলীয় প্রতীক পেয়ে অতি উত্সাহী হয়ে সন্ত্রাসী কাজ করছে। এসব অতি উৎসাহীরা যাতে কোনো ধরনের সন্ত্রাসী কাজ করতে না পারে, সে জন্য পরের ধাপের নির্বাচনগুলোতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ বাড়াবাড়ি করলে তাদের বিরুদ্ধে মামলা করতে প্রশাসনকে বলা হয়েছে বলে জানান শাহনেওয়াজ। তিনি বলেন, আগের নির্বাচনগুলোতেও দেশে এমন ঘটনা ঘটেছে, এটাই প্রথম নয়।