নির্বাচনে যাচ্ছে বিএনপি জোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌর নির্বাচনে যাচ্ছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। এ জন্য জোটভুক্ত দলগুলো প্রতিটি নির্বাচনী এলাকায় একক প্রার্থী দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বৃহস্পতিবার ২০ দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের দায়িত্বশীল একটি সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
এদিকে পৌরসভা নির্বাচনে প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে বিএনপি। নির্বাচনের তফসিল পেছানোর দাবি জানাতে পারে দলটি। এ ব্যাপারে বিএনপির একটি প্রতিনিধিদল দু-এক দিনের মধ্যে নির্বাচন কমিশনে যেতে পারে। এ জন্য দলের বক্তব্যের একটি খসড়া তৈরি করা হয়েছে।
গতকাল রাত নয়টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত। খালেদা জিয়ার সভাপতিত্বে ২০ দলের নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।
তবে বৈঠক শেষে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন সাংবাদিকদের বলেন, এ বৈঠক ২০-দলীয় জোটের সৌজন্য সাক্ষাৎ। এখানে পৌর নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। তবে নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে জোটের নেতারা খালেদা জিয়ার ওপর দায়িত্ব দিয়েছেন। নির্বাচনে যাওয়া না যাওয়ার সিদ্ধান্ত পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। আগামী ৩০ ডিসেম্বর সারা দেশে ২৩৪টি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে।
আসাদুজ্জামান বলেন, জোটগতভাবে এ নির্বাচনে যাওয়ার সুযোগ আছে কি না, আর জোটভুক্ত দল বিএনপির প্রতীক ব্যবহার করবে কি না, তা নিয়ে আইনি ব্যাখ্যার দাবি রাখে।
বৈঠক সূত্র জানায়, পৌর নির্বাচনে প্রতিটি পৌরসভায় ২০ দলের একক প্রার্থী থাকবে। কোনো দল থেকে প্রার্থী মনোনীত হলে জোটভুক্ত বাকি দলগুলো তাকে সমর্থন জানাবে। শরিক দলগুলো তাদের সম্ভাব্য প্রার্থীর তালিকা বিএনপির কাছে জমা দেবে। শেষ পর্যন্ত এ সিদ্ধান্ত কতটুকু বাস্তবায়িত হবে, এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন জোটের একজন নেতা।
বৈঠকে জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান, ন্যাপের সভাপতি জেবেল রহমান ঘানি, জামায়াতের কর্মপরিষদ সদস্য আবদুল হালিম, কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমানসহ ২০-দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।