নির্বাচনে সেনা নিয়োগের কোনো সম্ভাবনা দেখছি না : শাজাহান খান

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। আজ শনিবার দুপুরে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সোনাহাট স্থলবন্দরের পূর্ণাঙ্গ কার্যক্রমের উদ্বোধনের সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
শাজাহান খান বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কোনো বিধান নেই। বলা আছে আইনশৃঙ্খলাবাহিনী সেখানে থাকবে। সেনাবাহিনী প্রতিরক্ষা বাহিনী। তাই নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কোনো সম্ভাবনা দেখছি না।’
নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিজয়ী হওয়ার আশা প্রকাশ করে নৌপরিবহনমন্ত্রী বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে একদিকে মুক্তিযুদ্ধের শক্তি, অন্যদিকে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। আমি বিশ্বাস করি মুক্তিযুদ্ধের চেতনার শক্তিকেই জনগণ বিজয়ী করবে। ২০-দলীয় জোট যদি নির্বাচনে না আসে সে ক্ষেত্রে হয়তো ভিন্ন ভিন্ন নির্বাচন হবে, যে যার মতো অংশগ্রহণ করতে পারে।’
অনুষ্ঠানে অবিলম্বে কুড়িগ্রাম ভূরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দরে ইমিগ্রেশন ব্যবস্থা, নদী খনন ও চিলমারী বন্দর চালুর দাবি জানান তিনি।
মন্ত্রী পরে সোনাহাট স্থলবন্দরে স্থানীয় সুধী সমাবেশে বক্তব্য রাখেন। এ সময় স্থলবন্দর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর মোজাম্মেল হক, কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, জেলা প্রশাসক সুলতানা পারভীন, পুলিশ সুপার মেহেদুল করিম, শিল্পপতি দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মন্ত্রী পরে চিলমারী নৌবন্দর পরিদর্শন করেন।
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম মাগফেরুল ইসলাম আব্বাসী জানান, সোনাহাট স্থলবন্দরে ভারতীয় ১০টি পণ্য আমদানির পাশাপাশি ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে ইমিগ্রেশন চালু করা হবে।