নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন : বিএনপির প্রার্থী সাখাওয়াত
নির্বাচনে সেনা মোতায়েনের দাবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সাখাওয়াত হোসেন খানকে মেয়র পদে প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি। সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জের সাত খুনের দুটি মামলায় বাদীপক্ষের আইনজীবী এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি।
গতকাল মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রার্থী ঘোষণা দেন। তিনি বলেন, স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা করে বিএনপি প্রার্থী চূড়ান্ত করেছে। ধানের শীষের প্রার্থী হচ্ছেন আইনজীবী সাখাওয়াত হোসেন খান। পরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় রিজভী নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান। তিনি বলেন, ‘কারণ ওটার পরিচয় হয়েছে গডফাদারদের শহর। সেখানে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সেনাবাহিনী মোতায়েন এবং তাদের স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করা প্রয়োজন।’
দলীয় মনোনয়ন ঘোষণার পর দুপুরে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে সাখাওয়াত হোসেন খান সাংবাদিকদের বলেন, ‘এ নির্বাচনকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। এর মধ্য দিয়ে জনগণের হারানো গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য লড়াই করে যাব।’ এ সময় সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জের বর্তমান মেয়র ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন।
সাখাওয়াত হোসেনের আদি বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানায়। বর্তমানে তিনি থাকেন নারায়ণগঞ্জ শহরের খানপুরে।