
তিনি এলেন, কথা বললেন এবং জয় করলেন—বিষয়টি এ রকম ছিল না। কিন্তু বিএনপির নেতা-কর্মীদের মধ্যে একধরনের উদ্দীপনা লক্ষ করা গেছে। ভিশন-২০৩০ ঘোষণার সময় ছিল বিকেল সাড়ে চারটায়। কিন্তু গতকাল বেলা সাড়ে তিনটার দিকে গুলশানের ওয়েস্টইন হোটেলে পৌঁছে দেখি, সাজ সাজ রব। নিচে বিএনপির কর্মীদের ভিড়। তিনতলায় উঠতেই চোখে পড়ে মধ্যপর্যায়ের নেতাদের তৎপরতা।
বিশাল হলঘরের মধ্যখানে এক চেয়ারবিশিষ্ট মঞ্চ সাজানো। পেছনে ইংরেজি ভাষায় লেখা ব্যানার, ‘ভিশন-২০৩০ ফর বাংলাদেশ বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন অ্যান্ড ফরমার প্রাইম মিনিস্টার, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি)’। একটিও বাংলা অক্ষর নেই। সংবাদ সম্মেলনে কয়েকজন বিদেশি কূটনীতিক হাজির থাকলেও ৯৫ ভাগ অতিথি ছিলেন বাংলা ভাষাভাষী।
মঞ্চের ডান দিকে বিএনপি ও ২০ দলের নেতাদের বসার আসন। বাঁ দিকে সাংবাদিকদের। সামনে ক্যামেরা হাতে আলোকচিত্রীরা অপেক্ষা করছেন, কখন ‘ম্যাডাম’ আসবেন। বিএনপির জ্যেষ্ঠ নেতারা একে একে তাঁদের জন্য নির্ধারিত আসনে গিয়ে বসলেন। কারও সঙ্গে কথা বললেন না। তবে ব্যতিক্রম ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তাঁরা দুজনই সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করলেন। দুই নবীন নারী নেত্রীও সাংবাদিকদের খোঁজখবর নিচ্ছিলেন।
কিন্তু জ্যেষ্ঠ নেতাদের বেশির ভাগই ছিলেন ক্লান্ত। সম্ভবত দীর্ঘদিন ক্ষমতায় না থাকার ক্লান্তি তাঁদের ওপর ভর করেছে। তুলনায় ঘিয়ে রঙের শাড়ি পরিহিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বেশ সজীব মনে হয়েছে। ঠিক ৪টা ৪৭ মিনিটে তিনি মিলনায়তনে প্রবেশ করলেন। ডানে-বাঁয়ে না তাকিয়ে সোজা মঞ্চে গিয়ে বসলেন। এরপরই তিনি অভ্যাগত সবাইকে বুদ্ধপূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে ভিশন-২০৩০ পাঠ শুরু করেন। পাঠপর্ব শেষ হয় ৬টা ৫০ মিনিটে।
দুই ঘণ্টারও বেশি সময় ধরে পিনপতন নীরবতার মধ্যে বিএনপিপ্রধান ২৫৬ অনুচ্ছেদের এই ভিশন-২০৩০-এ দেশ, রাজনীতি ও আর্থসামাজিক বিষয়ে যেসব প্রস্তাব উত্থাপন করেছেন, তাতে নতুনত্ব তেমন নেই। ঘুরেফিরে পুরোনো কথাই নতুন করে বলা হয়েছে। এতে জনগণের কাছে সুনীতি ও সুশাসনের কতিপয় অঙ্গীকার ব্যক্ত করা হলেও ক্ষমতায় থাকতে তাঁরা কেন সেই সুনীতি ও সুশাসন প্রতিষ্ঠা করতে পারেননি, তার ব্যাখ্যা বা আত্মসমালোচনা নেই। আমাদের মনে থাকার কথা, ২০০১ সালের নির্বাচনের আগে বিএনপি যে ইশতেহার ঘোষণা করেছিল, তাতেও বিরোধী দলকে নিয়ে দেশ পরিচালনা, জাতীয় সংসদকে কার্যকর করা এবং সুশাসন প্রতিষ্ঠার দৃঢ় প্রতিশ্রুতি ছিল। একইভাবে ২০০৮ সালের নির্বাচনের আগে আওয়ামী লীগের ইশতেহারে দিনবদলের পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতি বদলের কথা বলা হয়েছিল বেশ জোরেশোরেই। কিন্তু বাস্তবে সেই রাজনৈতিক সংস্কৃতির বদল হয়নি।
খালেদা জিয়ার এবারের ঘোষিত ভিশন বা রূপকল্পে (বাংলা শব্দটি একবারও ব্যবহার করা হয়নি) সংবিধানিক বিষয়ে যে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার কথা বলা হয়েছে তা হলো, প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতার ক্ষেত্রে ভারসাম্য আনা, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ করা যায় কি না, সে বিষয়ে ভাবনা উপস্থাপন, সংবিধানের বিতর্কিত ও অগণতান্ত্রিক বিধানাবলি পুনঃসংস্কার, সরকারি হিসাব কমিটিসহ সংসদের গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির সভাপতির পদ বিরোধী দলকে দেওয়া।
বিএনপির ভিশনে সংসদ কার্যকর করার কথা বলা হলেও সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিষয়ে কোনো কথা নেই। দলটি প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে ভবিষ্যৎমুখী নতুন ধারার রাজনৈতিক সংস্কৃতির কথা বলেছে। কিন্তু তাদের শাসনামলে সংঘটিত প্রতিহিংসার রাজনীতি নিয়ে কোনো অনুশোচনা করতে দেখা গেল না।
আগামী নির্বাচনটি কার অধীনে হবে, সেসব নিয়ে বিএনপি মহলে ব্যাপক ধোঁয়াশা থাকলেও গতকাল ঘোষিত ভিশনটি যে নির্বাচনকে লক্ষ্য করে দেওয়া হয়েছে, সে বিষয়টি স্পষ্ট। কোনো কোনো ক্ষেত্রে ক্ষমতাসীন আওয়ামী লীগের ঘোষিত নীতির মৃদু ও অস্পষ্ট সমালোচনা থাকলেও মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, উগ্রবাদ, অর্থনৈতিক পরিকল্পনা, শিক্ষা ও মানবসম্পদ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, বিদ্যুৎ ও জ্বালানি, স্থানীয় সরকার, কৃষি ও কৃষক, স্বাস্থ্যসেবা, শিক্ষা ইত্যাদিতে যেসব অঙ্গীকার প্রতিধ্বনিত হয়েছে, তা আওয়ামী লীগের নীতিরই সম্পূরক। খালেদা জিয়া-ঘোষিত গতকালের ভিশনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হলো শিক্ষা ও স্বাস্থ্য খাতে জিডিপির ৫+৫ শতাংশ বরাদ্দের প্রতিশ্রুতি।
বিএনপি ক্ষমতায় এসে যদি এই প্রতিশ্রুতি পূরণ করে কিংবা বিরোধী দলে থেকে সরকারকে প্রতিশ্রুতি পূরণে বাধ্য করতে পারে, সেটি হবে দেশের মানুষের জন্য বড় পাওয়া।