নির্বাচনের আগে উন্নয়নের ফিরিস্তি দিলেন তথ্যমন্ত্রী
ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের পাঁচ দিন আগে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে ঢাকা ও চট্টগ্রামের উন্নয়নে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। একই সঙ্গে সরকারের অন্যান্য উন্নয়নের তথ্যও জানান তিনি।
সচিবালয়ের তথ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি দেন। এ সময় সাংবাদিকেরা জানতে চান, নির্বাচনের পাঁচ দিন আগে মন্ত্রী হিসেবে এভাবে উন্নয়ন ফিরিস্তি তুলে ধরা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন কি না। জবাবে মন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কথার জবাবে উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেছেন। এটি নির্বাচনী বিধির সঙ্গে সম্পর্কিত নয়। সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া বলেছেন, ঢাকা ও চট্টগ্রামে কোনো উন্নয়ন হয়নি। এর চেয়ে মিথ্যাচার আর কী হতে পারে?
সংবাদ সম্মেলনে হাসানুল হক ইনু বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। নির্বাচনী প্রচারে নেমে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা প্রসঙ্গে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ওনার স্থান-কাল-পাত্র জ্ঞান থাকা উচিত। ওনাকে দেখলেই মানুষের ক্রোধের সৃষ্টি হতে পারে। ওনার ঘরের ভেতর বসে থাকাই মঙ্গলজনক।
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা কেন্দ্র করে এক প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, সরকার নিরাপত্তা দিতে সক্ষম হয়েছে বলেই খালেদা জিয়া অক্ষত অবস্থায় বাড়ি চলে গেছেন। তবে তিনি এই হামলার নিন্দা জানান এবং হামলাকারীদের পুলিশ খুঁজছে বলে জানান।