নির্বাচনের আরও চার বছর বাকি আছে: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আরও চার বছর বাকি আছে। এ সময়ের মধ্যে ঘরে ঘরে গিয়ে মানুষের সঙ্গে কথা বলতে তিনি দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
গতকাল শুক্রবার বিকেলে জাপার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এরশাদ এ আহ্বান জানান। অবশ্য এর আগে গত রোববার এরশাদ দলের নেতা-কর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বলেছিলেন, ‘সময় কম, বিশ্রামের সময় নেই।’
রাজধানীর বনানী মাঠে এ পুনর্মিলনীর আয়োজন করে জাপার ঢাকা মহানগর উত্তর শাখা। অনুষ্ঠানে এরশাদের স্ত্রী জাপার সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য রওশন এরশাদ উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি।
প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, পুরো বিশ্ব এগিয়ে যাচ্ছে আর বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে। মানুষের জান-মালের নিরাপত্তা নেই। শুধু ঢাকা নয়, পুরো দেশের অবস্থা এখন ভয়ংকর। তিনি বলেন, মানুষ দুই দলের হাত থেকে রক্ষা পেতে চায়। তারা বিকল্প চায়। পরিবর্তন চায়।
নারীরা এখন সবচেয়ে অসহায় মন্তব্য করে এরশাদ বলেন, ‘আমরা গর্ব করে বলছি নারীর ক্ষমতায়ন করছি। এটি নারীর প্রতি বিদ্রুপ।’
এরশাদ দাবি করেন, জাতীয় পার্টি আরও শক্তিশালী হচ্ছে। ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। এ জন্য তিনি দলকে আরও সংগঠিত ও শক্তিশালী করার জন্য নেতা-কর্মীদের কাজ করতে আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা দেখাতে চাই, জাতীয় পার্টি কারও চেয়ে কম নয়।’
অনুষ্ঠানে জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ, সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, জি এম কাদের, ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সাল চিশতী প্রমুখ বক্তব্য দেন।