নির্বাচনের উদ্দেশ্যেই এখন বিএনপি নেতাদের উঁকিঝুঁকি: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সচিবালয়ে নিজ দপ্তর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ
ছবি: বাসস

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনকে উদ্দেশ্য করে এখন বিএনপি নেতাদের উঁকিঝুঁকি দিতে দেখা যাচ্ছে, করোনাকালে অসহায় মানুষের পাশে তাঁদের দেখা যায়নি।

আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

‘এত দিন গ্রামগ্রামান্তরে তাঁদের কোনো খবর ছিল না, নির্বাচনের উদ্দেশ্যে এখন বিএনপি নেতা–কর্মীদের ধীরে ধীরে দিনে-রাতে বিভিন্ন নিমন্ত্রণ-দাওয়াতে দেখা যাচ্ছে, তাঁরা আবার মানুষের কাছে আসার চেষ্টা করছেন’ উল্লেখ করে হাছান মাহমুদ নেতা–কর্মীদের উদ্দেশে বলেন, ‘তাঁদের প্রশ্ন করতে হবে, যখন বন্যা হয়েছিল, আপনারা তখন কোথায় ছিলেন, করোনাকালে একমুঠো চাল নিয়ে কেন মানুষের কাছে আসেননি?’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘এই করোনাকালে রাঙ্গুনিয়াসহ সারা দেশে আমাদের নেতা–কর্মীরা কৃষকের ধান কেটে দিয়েছেন, সেই ধান আবার মাথায় তুলে কৃষকের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন। কিন্তু অন্য কোনো দলকে দেখা যায়নি। যখন নির্বাচন আসছে, আমরা যেই কাজগুলো করেছি, সেই কাজে ভুল ধরার জন্য এখন তাঁদের উঁকিঝুকি দিতে দেখা যাচ্ছে। তাই আমি জনগণ ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের অনুরোধ জানাব তাঁদের প্রশ্ন করার জন্য—এত দিন তাঁরা কোথায় ছিলেন।’

হাছান মাহমুদ বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সম্মেলনের মাধ্যমে আপনারা এমন নেতৃত্ব নির্বাচিত করবেন, যাঁরা দুঃসময়ে ছিলেন এবং দুঃসময়ে থাকবেন। পরীক্ষিত নেতা–কর্মীদের হাতেই আওয়ামী লীগের নেতৃত্ব থাকবে। নতুন নেতা–কর্মীদের একটু সময় লাগবে।’