বিকল্পধারার সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচনের পর প্রধানমন্ত্রী সবাইকে নিয়ে নতুন নির্বাচনের ওয়াদা করেছিলেন। আশা করি প্রধানমন্ত্রী সেই ওয়াদা অনতিবিলম্বে পালন করবেন।
গতকাল শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিকল্পধারার সহযোগী সংগঠন বিকল্প স্বেচ্ছাসেবকধারার ইফতার অনুষ্ঠানে বদরুদ্দোজা চৌধুরী এ কথা বলেন।
বদরুদ্দোজা চৌধুরী প্রতিশ্রুতি রক্ষা করে নির্বাচন দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, একমাত্র সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হতে পারে।
সাবেক রাষ্ট্রপতি অভিযোগ করেন, ‘বি. চৌধুরী’ নামে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে তাঁর নামে মিথ্যা বক্তব্য দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে আমার এ ধরনের কোনো ফেসবুক অ্যাকাউন্টনেই। এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সুতরাং এসব বক্তব্যের বিষয়ে আমার কোনো দায়দায়িত্ব নেই।’
ইফতার অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রকৌশলী মুহাম্মদ ইউসুফ, শাহ আহমেদ বাদল, বি এম নিজাম, রফিকুল ইসলাম প্রমুখ।