নির্বাচনের খবর নেই, ব্যস্ত 'প্রার্থী'রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। কিন্তু এরই মধ্যে এই পৌরসভায় নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। সম্ভাব্য মেয়র পদপ্রার্থীরা এরই মধ্যে দলীয় মনোনয়ন প্রত্যাশা করে পৌরসভার সড়ক ও বাজারের সুবিধাজনক স্থানে পোস্টার-ব্যানার সেঁটে দিতে শুরু করেছেন।
পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন বাজার, রাস্তার মোড়ে মোড়ে সম্ভাব্য মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থীরা পোস্টার ও ব্যানার লাগিয়েছেন। রাজনৈতিক দলের স্থানীয় কর্মীরা বলছেন, মেয়র পদপ্রার্থীদের পোস্টার ও ব্যানারে থাকা জেলার নেতাদের ছবিই বলে দিচ্ছে কে, কোন নেতার আশীর্বাদপুষ্ট সম্ভাব্য প্রার্থী।
ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান পৌর মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে পৌর এলাকার বিভিন্ন স্থানে ঈদ ও পূজার শুভেচ্ছা জানিয়ে ব্যানার ও পোস্টার লাগিয়েছেন। তাঁর পোস্টার ও ব্যানারে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও জয়পুরহাট-২ আসনের (ক্ষেতলাল, কালাই, আক্কেলপুর) সাংসদ এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদের ছবি রয়েছে।
খলিলুর রহমান বলেন, তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত আছেন। গত নির্বাচনে মেয়র পদে দলের হয়ে নির্বাচন করে সামন্য ভোটে হেরেছেন। এবারও মনোনয়ন চাইবেন। তবে দলের সিদ্ধান্তের বাইরে যাবেন না। তিনি আশাবাদী, দল তাঁকে মূল্যায়ন করবে। এ বিশ্বাস নিয়ে তিনি জনসংযোগ শুরু করেছেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মেয়র পদে মনোনয়ন পেতে পৌরবাসীর দোয়া চেয়ে তাঁর পোস্টার ও ব্যানার টানিয়েছেন। তাঁর পোস্টারে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, সজীব ওয়াজেদ ও জয়পুরহাট-২ আসনের সাংসদের পাশাপাশি জয়পুরহাট-১ আসনের (সদর ও পাঁচবিবি) সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি সামছুল আলম, সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলীর ছবি আছে।
সিরাজুল ইসলাম বলেন, তিনি মনোনয়নপ্রত্যাশী। তবে দলের সিদ্ধান্তের বাইরে যাবেন না। নিজে মনোনয়ন না পেলে দল যাঁকে মনোনয়ন দেবে তাঁর পক্ষে কাজ করবেন।
জেলা বিএনপির সদস্য খুরশিদ আলম চৌধুরী তাঁর পোস্টার ও ব্যানারে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও জেলা বিএনপির সহসভাপতি গোলাম মোস্তফার ছবি দিয়ে সম্ভাব্য প্রার্থী হিসেবে পৌরবাসীর দোয়া চেয়েছেন। অপর সম্ভাব্য প্রার্থী নবীউল ইসলাম চৌধুরী ও পৌর বিএনপির আহ্বায়ক আবদুল মান্নান পোস্টার-ব্যানার টানিয়েছেন।
খুরশিদ আলম বলেন, তিনি দলের কাছে মেয়র পদে প্রার্থী হিসেবে মনোনয়ন চাইবেন। দলীয় মনোনয়ন না পেলে নির্বাচন করবেন না। দল তাঁকে মনোনয়ন দেবে বলে তিনি আশাবাদী। একই কথা বলেন আবদুল মান্নানও।
জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী বলেন, ক্ষেতলাল পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন দিতে ওই পৌরসভার নয়টি ওয়ার্ডে জেলা কমিটির পক্ষ থেকে সাধারণ ভোটারদের মধ্যে জরিপ চালানো হবে। ওই জরিপে যিনি এগিয়ে থাকবেন, তাঁর নাম কেন্দ্রীয় কমিটির মনোনয়ন বোর্ডে পাঠানো হবে। পোস্টার, ব্যানারে কে, কার ছবি দিল তা প্রার্থী বিচারে কোনো প্রভাব ফেলবে না।
জেলা বিএনপির সহসভাপতি গোলাম মোস্তফা বলেন, বিএনপির একাধিক ব্যক্তি মনোনয়নপ্রত্যাশী। দলের কেন্দ্রীয় কমিটি নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিলে যাঁকে মনোনয়ন দেবে, তাঁর পক্ষে কাজ করবেন তিনি।
ক্ষেতলাল উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৫ ডিসেম্বর ক্ষেতলাল পৌরসভা ঘোষণা করা হয়। পৌরসভা গঠিত হওয়ার পর প্রথমবার নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১২ সালের ৪ জুন। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী আবদুল মান্নান মোল্লা মেয়র নির্বাচিত হন। ২০১৭ সালের ১১ জুলাই ওই পৌর নির্বাচনের পাঁচ বছর শেষ হবে। নিয়ম অনুযায়ী, পৌরসভার মেয়াদ শেষ হওয়ার ৯০ দিন আগে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
সম্ভাব্য কয়েকজন প্রার্থী বলেন, আগামী বছরের এপ্রিল বা মে মাসের দিকে ক্ষেতলাল পৌরসভায় নির্বাচন হতে পারে। তবে উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল মোত্তালেব বলেন, ক্ষেতলাল পৌরসভা নির্বাচনের বিষয়ে এই মুহূর্তে তাঁদের কাছে কোনো খবর নেই।
পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভোটার আজিজুল ইসলাম বলেন, নির্বাচনের খবর নেই আর সম্ভাব্য প্রার্থীদের এখন থেকেই ঘুম নেই। তাঁরা মাঠে নেমে পড়েছেন।
৮ নম্বর ওয়ার্ডের ভোটার লুৎফর রহমান বলেন, পৌরসভায় একবার নির্বাচন হয়েছে। কিন্তু পৌরসভায় তেমন কোনো উন্নয়ন হয়নি। আবার ভোট হবে। সে জন্য প্রার্থীরা দোয়া চাওয়া শুরু করেছেন।