নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, রাজনীতিতে ভুল করলে ভুলের মাশুল দিতে হয়। বিএনপি কেন মধ্যবর্তী নির্বাচন চায়, এর ব্যাখ্যা তাদের দিতে হবে। সাংবিধানিকভাবেই নির্বাচন হবে। তবে সেজন্য অপেক্ষা করতে হবে।
‘সাংবিধানিক সংস্কার: গণতন্ত্র ও সুশাসন’বিষয়ক এক গোলটেবিল বৈঠকে সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন। গতকাল শনিবার সকালে চট্টগ্রামের আগ্রাবাদ হোটেলে ফোরাম ফর পিপলস ভয়েস (এফপিভি) এ গোলটেবিলের আয়োজন করে।
বিচারকদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করা সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে এ গোলটেবিল অনুষ্ঠিত হয়। এতে প্যানেল আলোচক ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ। স্বাগত বক্তব্য দেন এফপিবির সম্পাদক শেখ রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন এফপিবির সভাপতি মনজুর-উল-আমিন চৌধুরী। মূল প্রবন্ধ পড়েন প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘বিশ্বের গণতান্ত্রিক সংস্কৃতি এবং আমাদের সংস্কৃতির আলোকেই সংশোধনী আনা হয়েছে।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, প্রশ্নবিদ্ধ সংসদের হাতে বিচারক অপসারণের দায়িত্ব দেওয়া মানে বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করা। বিচারকদের ওপর মানসিক চাপ তৈরি করা। এ অবস্থায় তাঁদের পক্ষে নিরপেক্ষ দায়িত্ব পালন সম্ভব হবে না।
স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, সংবিধান সংশোধনের ক্ষেত্রে জনগণকে গুরুত্বে আনা হয়নি। বিভিন্ন সময়ে ব্যক্তি ও দলের প্রয়োজনে সংবিধান সংশোধন হয়েছে, দেশের প্রয়োজনে হয়নি।
মূল প্রবন্ধে মিজানুর রহমান খান অবিলম্বে সবার অংশ গ্রহণে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সংলাপ শুরুর প্রস্তুতির কথা বলেন। নতুন নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগ ও বিএনপিকে সংবিধান সংশোধনের বিষয়ে নির্দিষ্ট প্রস্তাব তুলে ধরারও পরামর্শ দেন। এ ছাড়া সম্প্রচার নীতিমালার কয়েকটি ধারা বাতিল এবং প্রেস কাউন্সিলকে ঢেলে সাজানোর প্রস্তাব দিয়েছেন তিনি।