নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত, তবে...

আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপি প্রস্তুত আছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে ওই নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে তার অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। আজ শনিবার বেলা ১১টার দিকে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে মহানগর বিএনপির প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত। কিন্তু আমরা নির্বাচন করব নিরপেক্ষ সরকারের অধীনে। শেখ হাসিনার অধীনে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। আমাদের আহ্বান, আমাদের দাবি—নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে তার অধীনেই নির্বাচন দিতে হবে।’
সুন্দরবন-সংলগ্ন রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রসঙ্গে রিজভী বলেন, নির্মাণাধীন রামপাল বিদ্যুৎকেন্দ্র দক্ষিণাঞ্চলকে বিষাক্ত গ্যাস চেম্বারে পরিণত করবে। কয়লা পোড়ানোর পার্শ্ব প্রতিক্রিয়ায় সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংস হবে, বন্যপ্রাণী প্রজনন ক্ষমতা হারাবে, নদ-নদীতে বিভিন্ন প্রজাতির মাছ বিলুপ্ত হবে। উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘বিদ্যুৎকেন্দ্র চাই, তবে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করা হলে সুন্দরবনের অক্সিজেন কারখানাটি বাঁচানো যাবে না।’ লক্ষ কোটি মানুষের প্রতিবাদের মুখেও অগণতান্ত্রিক সরকার শুধুমাত্র ভারতকে খুশি করতে সেখানে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে অনড় রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তৃণমূল পর্যায়ের বিভেদ দূর করে দলকে শক্তিশালী করার অংশ হিসেবে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ওই প্রতিনিধি সভার আয়োজন করে মহানগর বিএনপি। নগর বিএনপির পাঁচটি পক্ষ একসঙ্গে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। প্রতিনিধি সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের কর্মীরা নানা সমস্যা তুলে ধরেন এবং দলকে সংঘটিত ও ঐক্যবদ্ধ করতে সম্মেলনের মাধ্যমে তৃণমূলের মতামতের ভিত্তিতে বিএনপি এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি গঠনের ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন।
প্রধান অতিথির বক্তৃতায় রিজভী বলেন, পাঁচ ভাগে দ্বিধা-বিভক্ত থাকার পরও সব পক্ষ ছাড় দিয়ে আজকের কর্মসূচি শান্তিপূর্ণভাবে করতে পারবে জানলে পুলিশ প্রশাসন এই ছোট্ট মিলনায়তনেও বিএনপিকে কর্মসূচি করার অনুমতি দিত না। দেশে অঘোষিত সামরিক শাসন চলছে—উল্লেখ করে তিনি বলেন, দেশে আবারও নতুন করে মামলা, গণগ্রেপ্তার ও নির্যাতন শুরু হয়েছে। গদি রক্ষা করতে এখন পুলিশ মৃত ব্যক্তির নামেও মামলা দিচ্ছে।
প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এম নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম ও জয়ন্ত কুমার কণ্ডু প্রমুখ।