শিগগিরই পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের দাবিতে ইউপি কার্যালয়ে গতকাল মঙ্গলবার তালা লাগিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। তাঁদের অভিযোগ একের পর এক মামলা দিয়ে ১৩ বছর ধরে নির্বাচন ঠেকিয়ে রাখা হয়েছে।
বড়বাইশদিয়ার বাসিন্দা হিরণ হাওলাদার বলেন, ২০০২ সালে বড়বাইশদিয়া ইউনিয়নের তিনটি ওয়ার্ড নিয়ে পৃথক আরেকটি ইউনিয়ন গঠনের প্রক্রিয়া শুরু করে পটুয়াখালী জেলা প্রশাসন। চরগঙ্গা গ্রামের বাসিন্দা মো. সোনা মিয়া ওই বছরের অক্টোবরে এর বিরুদ্ধে মামলা করেন। ২০০৮ সালের জুনে আদালত মামলাটি খারিজ করে দেন।
২০০৯ সালের মার্চ মাসে গাববুনিয়া গ্রামের মো. কলিম খান আরেকটি মামলা করেন। পরে তিনি মামলাটি প্রত্যাহার করে নেন।
২০১১ সালে সারা দেশে ইউপি নির্বাচনের প্রক্রিয়া শুরু হলে ওই বছরের মার্চে বড়বাইশদিয়া ইউনিয়নের তিনটি ওয়ার্ড নিয়ে মৌডুবি নামে আলাদা একটি ইউনিয়ন গঠন করে গেজেট প্রকাশ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর কয়েক দিন পরই প্রকাশিত গেজেটের বিরুদ্ধে আদালতে মামলা করেন গাববুনিয়া গ্রামের আব্বাস হাওলাদার। এ মামলার আদেশে মৌডুবি ইউনিয়ন গঠনসংক্রান্ত গেজেট ও বড়বাইশদিয়া ইউনিয়নের নির্বাচন স্থগিত করেন আদালত। পরে এ মামলাটিও প্রত্যাহার করে নেওয়া হয়। এর কিছুদিন পর বর্তমান চেয়ারম্যান মো. আবু হাসানাত আবদুল্লাহর ভাতিজা গাববুনিয়া গ্রামের মো. শামীম হাওলাদার আদালতে একটি মামলা করেন। এ মামলার আদেশে আদালত মৌডুবি ইউনিয়ন গঠনসংক্রান্ত গেজেট ও বড়বাইশদিয়া ইউনিয়নের নির্বাচন স্থগিত করেন।
তক্তাবুনিয়া গ্রামের বাসিন্দা মো. শাহ আলম বলেন, এ ইউনিয়নের নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা চলছে। এতে এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে পড়েছেন। তাঁরা পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত সম্মিলিতভাবে ইউপি কার্যালয় বন্ধ করে রাখার ঘোষণা দিয়েছেন।
বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদের সচিব মো. রিয়াজ উদ্দিন বলেন, ‘মঙ্গলবার সকাল নয়টার দিকে এলাকার কয়েক শ লোক মিছিল করে ইউপি কার্যালয়ে আসেন। তাঁরা আমাকে কার্যালয় থেকে বের হয়ে যেতে বাধ্য করেন। এরপর বিক্ষুব্ধ লোকজন ইউপি কার্যালয়ের চারটি কক্ষে তালা লাগিয়ে দেন। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
চেয়ারম্যান মো. আবু হাসানাত আবদুল্লাহ বলেন, ‘আদালতের আদেশের ওপর কারও হাত নেই। আমি কাউকে দিয়ে মামলা করাইনি। বর্তমানে আমি এলাকার বাইরে আছি। ইউপি কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়ার বিষয়টি লিখিতভাবে পটুয়াখালী জেলা প্রশাসনকে জানানো হবে।’
রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. আলিম উল্লাহ বলেন, ‘মামলাজনিত জটিলতার কারণে দীর্ঘদিন ধরে বড়বাইশদিয়ায় নির্বাচন না হওয়ায় এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছে। আমরা শিগগিরই তালা খুলে দেওয়ার ব্যবস্থা করব।’