নির্বাচনের নামে প্রহসন হচ্ছে: খালেদা জিয়া
বর্তমান নির্বাচন কমিশনকে অথর্ব আখ্যা দিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘নির্বাচনের নামে প্রহসন হচ্ছে। এই কমিশন ব্যর্থ ও অথর্ব। কোনো দিন এদের অধীনে সুষ্ঠু নির্বাচন আশা করতে পারি না। কারণ এরা হাসিনার পদলেহী কমিশন।’
বিগত আন্দোলনে আহত চার ছাত্রদল নেতাকে অনুদান দেওয়া উপলক্ষে গতকাল মঙ্গলবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পৌর নির্বাচনকে লোক দেখানো বলে মন্তব্য করে খালেদা জিয়া বলেন, ‘আপনারা দেখেছেন, সিটি করপোরেশন নির্বাচনে কী হয়েছে, এখানেও একই অবস্থা চলছে। আমাদের লোকজনকে নমিনেশন দিতে দেয় না, আমাদের লোকজনকে প্রতিহত করা হচ্ছে।’ তিনি প্রধানমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে বলেন, হায়েনার কবলে, ডাইনির কবলে দেশ।
খালেদা জিয়া বলেন, এখন দেশে গণতন্ত্র নেই, কথা বলার অধিকার নেই। বিচার বিভাগের স্বাধীনতা নেই। চারদিকে শুধু অত্যাচার চলছে। এ অবস্থায় তিনি সবাইকে জেগে ওঠার আহ্বান জানান।
বিএনপির চেয়ারপারসন দাবি করেন, ‘আওয়ামী লীগ রণাঙ্গনে মুক্তিযোদ্ধার দল নয়। মুক্তিযুদ্ধের প্রতিটি জিনিস তারা ধ্বংস করে দিয়েছে।’